শিক্ষাবার্তা ডেস্কঃ আশঙ্কাজনক হারে শিক্ষার্থী কমে যাওয়া ও শিক্ষক সংকটের কারণে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার বেহাল অবস্থা দেখা দিয়েছে। উপকূলীয় এ উপজেলায় ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৮টিতে প্রধান শিক্ষক নেই, সহকারী শিক্ষকের পদ শূন্য ২৮টি, উপজেলায় সর্ব দক্ষিণে নদী উপকূলের একটি বিদ্যালয়ে ৪ পদেই শিক্ষক নেই, একটি বিদ্যালয়ে ১ জন শিক্ষক আছেন- তাও ডেপুটেশনে। এ উপজেলাটি নানা কারণে গুরুত্বপূর্ণ হলেও অজানা কারণে এখানে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বেহালদশা চললেও দেখার যেন কেউ নেই।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শূন্য পদগুলোতে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দেয়ার বিষয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের সাথে চিঠি চালাচালি অব্যাহত আছে। অচিরেই শিক্ষক সমস্যার অবসান ঘটবে।
জানা গেছে, গত দু’বছরাধিক কালে করোনা পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি নির্দেশনায় পাঠ দান বন্ধ ছিল। তবে নুরানী মাদ্রাসা ও এলাকাভিত্তিক মানহীন কিন্ডারগার্টেন স্কুলগুলো বন্ধ ছিল না। এতে করে অভিভাবকরা তাদের শিশু সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে নুরানী মাদ্রাসায় ভর্তি করানোর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেতে থাকে। করোনা পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে এলাকাভিত্তিক মানহীন কিন্ডারগার্টেন স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তি হয়েছে চোখে পড়ার মতো। স্বাভাবিক অবস্থা ফেরার পর এসব শিক্ষালয়ে শিক্ষার্থী ভর্তি পূর্বের মতো আর নেই।
তদুপরি মানহীন এসব মাদ্রাসা-স্কুলে অধিক পরিমাণ টাকা আদায়, অদক্ষ, স্বল্প শিক্ষিত এবং কম বেতনে শিক্ষক দিয়ে অনুন্নত শিক্ষা প্রদানের বিষয়টি এবং শিক্ষার নামে প্রতারণার ফাঁদ ফাঁস হওয়ায় সচেতন অভিভাবকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন তাদের কাছ থেকে। ওই সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি করা থেকে বিরত রয়েছেন সচেতন অভিভাবক মহল।
তৃণমূলের বেশ কয়েকজন শিক্ষা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদ এসব মানহীন মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুল বন্ধ করে দেয়ার জোর দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।
উপজেলার চরকলমী হাবিব উল্যাহ দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুমোদিত ৪টি পদের একটিতেও শিক্ষক নেই। ফলে চরাঞ্চলের শিশুরা ঝরে পড়ছে শিক্ষা থেকে।
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা এবিএম নুরেজ্জামান জানান, শিক্ষক সংকট সমস্যা অচিরেই সমাধান হবে। ঝরেপড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার জন্য নানা ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১৫/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
