একাধিক শৈত্য প্রবাহের আভাস জানুয়ারিতে

অনলাইন ডেস্ক।।

নতুন বছরের শুরুতে রাজধানী ঢাকাসহ সারা দেশে বাড়বে শীতের দাপট। জানুয়ারি মাসজুড়ে ৩ থেকে ৪টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা। কুয়াশার সাথে ঠা-া হাওয়ায় বাড়ে শীতের তীব্রতা। তাপমাত্রা নামে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। তবে বেলা বাড়ার সঙ্গে কমেছে কুয়াশা ও শীতের তীব্রতা।
ঘন কুয়াশার কারণে রাজধানীর বিভিন্ন এলাকা ও সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করে যানবাহন। ভোরে শাহজালাল বিমানবন্দর থেকে সারা দেশে উড়োজাহাজ চলাচল বিলম্বিত হয়। এতে কিছুটা ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আবহাওয়া অফিস জানিয়েছে, নীলফামারী, পঞ্চগড় ও শ্রীমঙ্গলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকবে। আর জানুয়ারি মাসে আসতে পারে একাধিক শৈত্যপ্রবাহ।
আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান বলেন, জানুয়ারিতে শীতের তীব্রতা বাড়বে। এ সময় আরও ৩ থেকে ৪টি শৈত্যপ্রবাহ আসতে পারে।
শীতের পাশাপাশি সকালে ঘন কুয়াশাও আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.