এইমাত্র পাওয়া

নিবন্ধনধারীরা শাহবাগ অবরোধ করলো প্যানেলভিত্তিক নিয়োগের দাবীতে

অনলাইন ডেস্ক।।

প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন বেসরকারি স্কুলের শিক্ষক নিবন্ধন পরীক্ষার (এনটিআরসিএ) নিবন্ধনধারীরা। আজ বুধবার (২১ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে শাহবাগ বারডেম হাসপাতালের সামনে অবস্থান নেন তারা। এতে সড়কে স্বাভাবিক চলাচল কিছুটা বিঘ্ন ঘটছে, তবে সীমিত পরিসরে যানবাহন চলছে।  এর আগে চলতি বছরের ৫ জুন থেকে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সামনে গণ-অনশন শুরু করে নিবন্ধনধারীরা।

আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- এক আবেদনে সকল নিবন্ধনধারী চাকরি প্রত্যাশীদের প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে; সকল নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখতে হবে এবং ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে।

অবরোধে অংশ নেয়া চাকরি প্রত্যাশীরা বলছেন, আমরা অনেকদিন ধরে শাহবাগে প্যানেল ভিত্তিক চাকরি দাবিতে গণঅনশন করে আসছি। কিন্তু আমাদের দাবিকে তোয়াক্কা না করে আবারো গণবিজ্ঞপ্তি দেয়া হচ্ছে। আমাদের দাবি প্রথম প্যানেল থেকে ক্রমানুসারে সবাইকে চাকরি দিতে হবে। এর আগে গণবিজ্ঞপ্তির নামে কোনো প্রহসন আমরা মেনে নেব না।

এ সময় সড়কে অবস্থান নিয়ে তারা ‘সনদ যার, চাকরি তার’, ‘প্যানেল ভিত্তিক নিয়োগ চাই’, ‘প্যানেল নিয়ে দুর্নীতি, মানি না, মানবো না’, ‘গণবিজ্ঞপ্তির নামে প্রহসন, মানি না মানবো না’ ইত্যাদি বলে স্লোগান দিতে থাকেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.