এইমাত্র পাওয়া

১৮টি হলুদ কার্ড দেখিয়ে নিজে পেলেন ফিফার লাল কার্ড

স্পোর্টস ডেস্ক।।

আর্জেন্টিনা-নেদারল্যান্ডের উত্তেজনাকর ম্যাচটি ছাপিয়ে খবরের শিরোনাম হচ্ছেন ম্যাচের রেফারি আন্তোনিও মাতেও লাহোজকে। এক ম্যাচে ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন স্প্যানিশ এই রেফারি। তার হলুদ কার্ড থেকে বাঁচতে পারেনি কোচ থেকে শুরু করে ডাগআউটে বসে থাকা ফুটবলাররাও। এমন রেফারিকে আর দেখতে চায় না ফুটবলাররা।

ম্যাচ শেষে এমনটিই ফিফার কাছে দাবি করেছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। কথা শুনেছে ফিফা। বিশ্বকাপে আর কোনো ম্যাচ পরিচালনায় দেখা যাবে না তাকে।

নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা দলে ১০টি হলুদ কার্ড দেখিয়েছেন তিনি। যার মধ্যে পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় সেমিফাইনালে খেলতে পারবে না মার্কোস অ্যাকুনা ও গনসালো মনতিয়েলের। হলুদ কার্ড দেখানো হয়েছে কোচ স্কালোনি ও তার সহকারীকেও। বাদ পড়েনি শান্ত স্বভাবের মেসিও। ম্যাচ শেষে তাই রেফারির উপর চরম বিরক্তি প্রকাশ করে আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

ম্যাচ শেষে রেফারিকে নিয়ে মেসি বলেন, ‘ফিফার উচিত বিষয়গুলো খেয়াল করা। এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচে এই ধরনের একজন রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত নয়। আমি রেফারিদের নিয়ে এর বেশি কথা বলতে চাই না। কারণ, তারা আমাকে এজন্য শাস্তি দিতে পারে। কিন্তু যা হয়েছে, মানুষ তা দেখেছে। ’

ম্যাচে ২-১ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা খেই হারায় ম্যাচের অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়ায় গোল করার জন্য সুযোগ পায় ডাচরা। শেষ পর্যন্ত ম্যাচেও ফিরে ডাচরা। এতোবেশি অতিরিক্ত সময় দেওয়া নিয়ে ক্ষোভ আছে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের কণ্ঠে। তিনি বলেন , ‘মনে হচ্ছিল, রেফারি সবকিছু নেদারল্যান্ডসকে দিচ্ছে। তিনি কোনো কারণ ছাড়াই ১০ মিনিট যোগ করা সময় দিয়েছেন। বক্সের বাইরে দু-তিনবার তাদের ফ্রি-কিক দিয়েছে। তিনি চাইছিলেন, তারা গোল করুক। আশা করছি, এই রেফারি আর এবারের বিশ্বকাপে থাকবেন না। তিনি অপদার্থ!’

অবশেষে আর্জেন্টাইন ফুটবলারদের দাবির পর রেফারির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ফিফা। কাতার বিশ্বকাপের আর কোনো ম্যাচ পরিচালনার দায়িত্বে দেখা যাবে না তাকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.