নিজস্ব প্রতিবেদক।।
করদাতাদের সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবারো আয়োজন করেছে কর সেবা কার্যক্রম। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। জনগণকে আয়কর পরিশোধে উদ্বুদ্ধ করতে শুরু হলো কর মেলার পরিবর্তে মাসব্যাপী কর সেবা মাস। এনবিআরের অধীনে দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেল অফিসে এ সেবা মিলবে।
মাসব্যাপী আয়কর সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম বলেন, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সিস্টেমটি চালু রয়েছে। এর মাধ্যমে করদাতারা রেজিস্ট্রেশনসহ রিটার্ন তৈরি এবং দাখিল করতে পারবেন।
তিনি বলেন, আয়কর সম্পর্কে ভীতি দূর, কর সচেতনতা বৃদ্ধি ও নিবিড় করসেবা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগ ২০২০ সালে প্রথমবারের মতো নভেম্বর মাসকে কর সেবা মাস ঘোষণা করে। কর সেবা মাসে প্রতিটি কর অঞ্চলে মেলার আদলে সেবা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
এনবিআর বলেছে, কর অফিসগুলোতে আয়কর মেলার মতোই রিটার্ন ফরম পূরণ, করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএন সংগ্রহ, অনলাইনে রিটার্ন জমা দেয়াসহ যাবতীয় সেবা দেয়া হবে। এ জন্য প্রতিটি কর অফিসে করদাতাদের জন্য চালু করা হয়েছে সেবাকেন্দ্র। কর্মকর্তারা বিনামূল্যে করদাতাদের সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত সেবা কাজে সহায়তা করবেন।
সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে আগামী ৯ ও ১০ নভেম্বর রিটার্ন গ্রহণ ও কর তথ্যসেবা দেয়া হবে।
হটলাইন নম্বর ০৯৬১২৭১৭১৭১-এর মাধ্যমে ই-রিটার্ন সম্পর্কে পরামর্শ গ্রহণ করে অনলাইনে রিটার্ন দাখিল করার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশন বুথে প্রয়োজনীয় তথ্য সাপেক্ষে নতুন করদাতারা রেজিস্ট্রেশন ও বর্তমান করদাতারা রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।
এনবিআরের কর্মকর্তারা বলেন, কর সেবা মাসে করদাতাকে প্রতিটি কর অঞ্চলে একাধিক সুবিধা দেয়া হবে। করদাতারা নির্ধারিত কর অঞ্চলে তাদের ২০২২-২৩ করবর্ষের নিজেদের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
