কারিগরি পদে অকারিগরি লোক নিয়োগ দেওয়া যাবেনা

অনলাইন ডেস্ক।।

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে অ-কারিগরি লোক নিয়োগের উদ্যোগে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) নেতারা। তারা বলেছেন, কারিগরি পদে অ-কারিগরি লোক নিয়োগ দেওয়া চলবে না। এটা করা হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে।

সোমবার আইইবির সম্মেলন কক্ষে সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ারের (এসঅ্যান্ডডব্লিউ) ২৬০তম সভায় এ প্রতিবাদ জানানো হয় বলে মঙ্গলবার আইইবির জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, প্রকৌশলীদের সভায় গত ১৮ সেপ্টেম্বর সম্পূর্ণ কারিগরি প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে নন-টেকনিক্যাল ব্যক্তিকে নিয়োগ দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে। ওই সংস্থার ব্যবস্থাপনা পরিচালক পদটি সম্পূর্ণ কারিগরি হওয়া সত্ত্বেও নিয়োগ বিজ্ঞপ্তিতে অ-কারিগরি ব্যক্তিদের নিয়োগের সুযোগ রাখা হয়েছে।

এ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সেক্টর ক্ষতিগ্রস্ত হবে এবং সারা দেশের প্রকৌশলী সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে।

এসঅ্যান্ডডব্লিউ কমিটির চেয়ারম্যান প্রকৌশলী এসএম মনজুরুল হক মঞ্জু সভায় সভাপতিত্ব করেন। সভায় আইইবির সাধারণ সম্পাদক ও কমিটির সদস্য সচিব প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলু সঞ্চালনা করেন।

এতে বক্তৃতা করেন- আইইবির কেন্দ্রীর কমিটির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, খন্দকার মঞ্জুর মোর্শেদ এবং আইইবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ, শেখ তাজুল ইসলাম তুহিন এবং আবুল কালাম হাজারী প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.