অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ এই আদেশ দেন।
রুলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এডি পদে নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তিটি সংশোধন করে চাকরিপ্রত্যাশীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিপোর্ট বিভাগের পরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রাশেদুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবন্দি কুমার রায়।
পরে আইনজীবী রাশেদুল হক সাংবাদিকদের জানান, গত ১০ মে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিপ্রত্যাশীদের বয়সসীমার ক্ষেত্রে ৩৯ মাস ছাড় দেন। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার জন্য বলা হয়েছে। এ বিষয়ে বঞ্চিত একজন চাকরিপ্রত্যাশী পুনরায় সংশোধিত বিজ্ঞপ্তি জারি করার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আবেদন করলেও তার আলোকে সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এজন্য মির্জা রকিবুল হাসান নামে চাকরিপ্রত্যাশী বিষয়টি চ্যালেঞ্জ করে গত ১২ অক্টোবর হাইকোর্টে রিট করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
