সব বিভাগেই কম-বেশি বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক।।

দেশের সব বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন- মৌসুমী বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় শুক্রবার (১৪ অক্টোবর) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি.। আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমবে।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায়, ৫৬ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় এ সময়ে দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.