নিউজ ডেস্ক।।
সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ ঘোষণা দিয়েছেন, নারীদের হজে যাওয়ার জন্য মাহরাম (ইসলামে যেসব পুরুষ আত্মীয়ের সঙ্গে নারীর সাক্ষাৎ বৈধ) বাধ্যতামূলক নয়। ফলে এখন থেকে হজ ও ওমরাহ পালনে নারীরা একাই সৌদি আরব যেতে পারবেন। গত সোমবার মিসরের কায়রোতে সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, সৌদিমন্ত্রীর এ ঘোষণার ফলে নারী হজযাত্রীদের সফরসঙ্গী হিসেবে মাহরাম বাধ্যতামূলক কিনা, তা নিয়ে বিতর্ক চলমান ছিল সেটির অবসান হলো অবশেষে। তিনি বলেন, বিশ্বের মুসলিম দেশগুলোর জন্য ওমরাহ ভিসা অনুমোদনের কোনো কোটা বা নির্দিষ্ট সংখ্যার সীমা নেই। যে কোনো ধরনের ভিসা নিয়ে সৌদি আরব আসা মুসলিমরা ওমরাহ পালন করতে পারবেন।
আল-রাবিয়াহ আশ্বস্ত করেছেন হজ ও ওমরাহ পালনের ব্যয় কমানোর বিষয়ে সৌদি আরবের আগ্রহের বিষয়ে। তিনি বলেছেন, এটি অনেক বিষয়ের সঙ্গে যুক্ত।
তিনি উল্লেখ করেছেন, পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববী সফরে আগ্রহী মুসলিমদের জন্য বিভিন্ন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ডিজিটালাইজেশন করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব সরকার।
সৌদিমন্ত্রী বলেন, এগুলোর মধ্যে রয়েছে হজ পালনকারীদের জন্য কিছু সেবা প্রদান করছে রোবট। এ ছাড়া নাস্ক গড়ে তোলা হয়েছে। যা মসজিদুল হারাম পরিদর্শনকারীদের অনেক সেবা দিয়ে যাচ্ছে। এ নাস্ক প্ল্যাটফরমের মাধ্যমে সংক্ষিপ্ত সময়ে ওমরাহের অনুমোদন পাওয়া সম্ভব হচ্ছে। এর পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পাওয়া যাচ্ছে ভিসা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
