এইমাত্র পাওয়া

বুধবার পর্যন্ত থাকতে পারে বৃষ্টি

অনলাইন ডেস্ক।।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় রোববার ভোরে বজ্রসহ বৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের ফলে এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী বুধবার পর্যন্ত চলতে পারে। এ সময় দেশের দক্ষিণাঞ্চল ও সিলেটের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবারের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে। এ কয়েক দিন সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আবহাওয়াবিদ ছানাউল হক সাংবাদিকদের বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চল থেকে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। সঙ্গে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, দেশের মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং সিলেট এলাকায় দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। তবে দেশের উত্তরাঞ্চলের  বিভিন্ন বিভাগ ও জেলায় বৃষ্টি হচ্ছে না। এসব এলাকায় কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বইছে।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টা চট্টগ্রাম বিভাগ ছাড়া সারা দেশে তেমন বৃষ্টি ছিল না। এ সময় শুধু ফেনীতে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর বাইরে শুধু ভোলায় ৪ মিলিমিটার এবং শ্রীমঙ্গলে ২ মিলিমিটার বৃষ্টিপাতের খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.