তরুণ জনগোষ্ঠী সচরাচর কী ধরনের হতাশা ও দুর্দশার মুখোমুখি হয়? মানসিক স্বাস্থ্য বিষয়ে তারা নিজেরা কী ভাবছে? তাদের মানসিক চাপ কাটাতে পরিবার-পরিজনের করণীয় কী? এসব জানতে এবং জানাতেই ‘তারুণ্যের দুর্দশায় কিভাবে বাড়িয়ে দেবে হাত?’-এই বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন।
শুক্রবার মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘পাবলিক স্পিকিং কম্পিটিশন ও সেলফ কেয়ার ওয়ার্কশপ’অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের এই মতামত তুলে ধরেন। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ‘ওদের যত্নে তুমিও শামিল’ স্লোগান নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউট (ব্র্যাক আইইডি) এই অনুষ্ঠানের আয়োজন করে। এর কারিগরি সহায়তায় ছিল বাংলাদেশ ডিবেটিং কাউন্সিল।
আয়োজকেরা জানান, সুস্থভাবে জীবনযাপনের জন্য প্রত্যেক মানুষেরই প্রয়োজন যত্ন, পরিচর্যা আর আস্থা। এই বিষয়ে তরুণদের মনের কথাগুলো, তাদের অনুভূতিগুলো জানার ও জানানোর প্রচেষ্টাই ছিল এই অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষার্থীরা অংশ নেন। এর মধ্যে সেরা বক্তা হিসেবে নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাশাদ রিয়াজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সামাজিক ন্যায়বিচারবিষয়ক বক্তা, সাংবাদিক এবং বর্তমানে ব্র্যাকের নারী নির্যাতন প্রতিরোধ কর্মসূচির পরিচালক নবনীতা চৌধুরী এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের শিশু-কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
