যেমন ক্যাম্পাস চাই

মোঃ হাফিজুর রহমান, শেকৃবি।।

প্রতিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাছে ক্যাম্পাস তার দ্বিতীয় বাড়ির মত। ক্যাম্পাসের সবাই যেন এক অভিন্ন পরিবার। বর্তমানে দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলো বেশ অস্থিতিশীল। এ বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের মতামত জানাচ্ছেন এডুকেশন বাংলার প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান

মো.রসুল হোসেন
কৃষি অনুষদ, তৃতীয় বর্ষ

বিশ্ববিদ্যালয় শব্দটি ছোটো হলেও এর পরিধি জীবনভর। যদি জিজ্ঞাসা করা হয় বিশ্ববিদ্যালয়কে কীভাবে দেখতে চান তাহলে বলবো স্বাধীন ও উন্মুক্ত একটা জায়গা। যেখানে সব ধরনের রাজনৈতিক ও অরাজনৈতিক দল থাকবে। সবাই তার মতামত প্রকাশ করবে, কোনো মতের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা ও থাকবে। প্রতিটি দলকে সমালোচনা শোনার মত মানসিকতা ও নিজেদের পরিবর্তন করার মত মানসিকতা থাকবে। নিজের দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনে সবাই এক ছাতার নিচে আসবে। যদি এমনটা সম্ভব না হয় তাহলে কোনো ছাত্ররাজনীতির প্রয়োজন নাই বলেই মনে করি।

তাসনিয়া তাবাসসুম মিমি
কৃষি অনুষ, প্রথম বর্ষ

বিশ্ববিদ্যালয় আমাদের ক্ষুদ্র গন্ডিকে পেরিয়ে বিশ্বকে জানার এবং তার নানা বিষয়ের রহস্য উদঘাটনের সুযোগ করে দেয়।৷আমার বিশ্ববিদ্যালয়কে এমনভাবে দেখতে চাই যেখানে থাকবে যুগোপযোগী, বাস্তবধর্মী শিক্ষার পরিবেশ , যেখানে শিক্ষার মান উন্নয়নে গবেষণা হবে। গবেষণা কাজ সুন্দরভাবে সম্পাদের অনুকূল পরিবেশ থাকবে। শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সম্মান,স্নেহ এবং বন্ধুসুলভ সম্পর্ক বিরাজ করবে ফলে প্রত্যেকে প্রত্যেকের থেকে উপকৃত হবেন।

আশিক আল মাহবুব
কৃষিঅনুষদ, দ্বিতীয় বর্ষ

বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার সর্বোচ্চ প্রতিষ্ঠান, শ্রেণিকক্ষের পরিবেশ যেমন হওয়া উচিত বলে মনে করি —কোনো শ্রেণিকক্ষ কেমন হওয়া উচিত সেটি বুঝতে হলে প্রথমেই আমাদের বুঝতে হবে কীভাবে শিক্ষাদানের প্রয়োজনীয় উপাদানগুলোকে একত্র করে একটি শ্রেণিকক্ষকে শিক্ষণ-উপযোগী করে তোলা যায়। এটি অনেকটাই নির্ভর করে শিক্ষাদানের পদ্ধতি, প্রযুক্তিগত সুবিধা কী কী রয়েছে, শ্রেণিকক্ষের অন্যান্য সরঞ্জাম এবং শ্রেণিকক্ষের বিন্যাসের ওপর।একটি শ্রেণিকক্ষের গঠনগত বিন্যাস যদি সঠিক না হয় তাহলে সেটি কিছুটা হলেও শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাদান এবং জ্ঞানার্জন ও বিতরণের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। উদাহরণস্বরূপ, দুর্বল নকশাযুক্ত বিন্যাসের শ্রেণিকক্ষ ছাত্রছাত্রীদের ক্লাসে দেখতে বা বসতে সমস্যা তৈরি করতে পারে, যা আমাদেরকে ক্লাসে অমনোযোগী করে তোলে। কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষের দেয়ালে এদেশের কৃষির বর্তমান অবস্থা,কৃষি সম্প্রসারণের বিভিন্ন তথ্য পোস্টার বা প্লাকার্ড আকারে সাজালে আমরা ছাত্র-ছাত্রীরা অনেক কিছু বুঝতে পারব যা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকেই দেশের কৃষিখাতকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে।

মো.রাকিবুল ইসলাম সুমন
অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ, দ্বিতীয় বর্ষ

বিশ্ববিদ্যালয়কে আবাসন সংকটমুক্ত ক্যাম্পাস হিসেবে দেখতে চাই। শিক্ষার্থী সংখ্যা তুলনামুলক কম হওয়া সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ গণরুমে থাকতে হয়। গণরুম নোংরা, অস্বাস্থ্যকর, পড়াশোনার অনুপযোগী। এছাড়া খাবার সমস্যা যেখানে ডাইনিং এর খাবারের মান খুবই নিম্নমানের অন্যদিকে ক্যান্টিনের খাবারের চড়া দাম। এখানে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের থেকে আসা শিক্ষার্থীদের অনেক কষ্টে চলতে হয়। নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন করা ও তদারকির মাধ্যমে খাবারের মান সমুন্নত রাখা সম্ভব এজন্য প্রধান দায়িত্ব নিতে হবে প্রশাসনে। যার মাধ্যমে হলে পড়াশোনার সুন্দর পরিবেশ তৈরি হবে এবং শিক্ষার্থীরা জ্ঞান চর্চার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে সক্ষম হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.