টি-২০ থেকে মুশফিকের অবসর

নিউজ ডেস্ক।।

টি-২০তে টানা বাজে ফর্মের কারণে বেশ কিছুদিন ধরে সমালোচনার শীর্ষে আছেন মুশফিকুর রহীম। এই উইকেটকিপার ব্যাটসম্যানকে সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে বিদায় নেয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। এবার সে পথেই হাঁটলেন বগুড়ার এই ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বার্তায় ৩৫ বছর বয়সী মুশফিকুর নিজেই অবসরের বিষয়টি জানিয়েছেন।

অফিসিয়াল ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে আমি সবাইকে পাশে পেয়েছি। ভালো কিংবা খারাপ সব ধরেনর পরিস্থিতিতেই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমাকে প্রেরণা জোগায়।’

‘আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে দেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলে যাবো। আশা করছি, এই দুই ফরম্যাটে দেশের জন্য আরো ভালো কিছু নিয়ে আসতে পারব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে টি-২০ ফরম্যাটে খেলা চালিয়ে যাবো।’

শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হেরে চলমান এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। সেই ম্যাচে ৫ বলে ৪ রান করেন মুশফিক। এর আগে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ বলে মাত্র ১ রান করেন সাবেক অধিনায়ক। এরপরই শুরু হয় তীব্র সমালোচনা।

২০০৬ সালের ২৮ নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-২০ অভিষেক হয় মুশফিকের। দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচ খেলেছেন তিনি। ৬টি হাফ সেঞ্চুরিতে ১৯.৪৮ গড়ে ১৫০০ রান করেছেন মুশফিক। স্ট্রাইক রেট ১১৫.০৩।

মুশফিকের টি-২০ ক্যারিয়ারের সেরা ইনিংস অপরাজিত ৭২ রান। দু’বার খেলেছেন অপরাজিত ৭২ রানের ইনিংস। ২০১৮ সালের মার্চে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৭২ রান করেন।

তার ব্যাটিং নৈপুণ্যে ওই ম্যাচে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এ ছাড়াও ওই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ৫৫ বলে ৮টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৭২ রান করেছিলেন। তবে ওই ম্যাচে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ। উইকেটের পেছনে ৮২ ইনিংসে মুশফিকের ডিসমিসাল ৬২টি। এরমধ্যে ৩২টি ক্যাচ ও ৩০টি স্টাম্পিং।

এ ছাড়াও ২০১১-২০১৪ সাল পর্যন্ত টি-২০ দলের অধিনায়কত্ব করেছেন মুশফিক। তার নেতৃত্বে ২৩ ম্যাচে ৮টি জয়, ১৪টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। অধিনায়ক হিসেবে ২৩ ম্যাচের ১৯ ইনিংসে ১টি হাফ সেঞ্চুরিতে ৪১৮ রান করেন মুশফিক।

আর শুধু ব্যাটার হিসেবে ৭৯ ম্যাচের ৭৪ ইনিংসে ৫টি হাফ সেঞ্চুরিতে ১০৮২ রান করেন তিনি। অভিষেকের পর ২০১৮ সালেই সবচেয়ে বেশি রান করেছেন মুশফিক। ১৬ ইনিংসে ৩টি হাফ সেঞ্চুরিতে ৩৯৭ রান করেন তিনি। গত কয়েক বছর ধরে ব্যাট হাতে সুবিধা করতে পারছিলেন না তিনি। দেশের হয়ে এখন পর্যন্ত ৮২ টেস্টে ৫২৩৫ রান ও ২৩৬ ওয়ানডেতে ৬৭৭৪ রান করেছেন।

জিম্বাবুয়ে সফরে বিশ্রামের পর এশিয়া কাপের দলে সুযোগ পান মুশফিক। টুর্নামেন্টের দুই ম্যাচে ৫ রান করেন। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে টুর্নামেন্ট শেষ হওয়া ম্যাচে ক্যাচও ছেড়েছেন এ অভিজ্ঞ ক্যাম্পেইনার। ফলে সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

আগের দিন দেশে ফিরে গতকাল রোববার অবসরের সিদ্ধান্ত জানান। মুশফিক ক্যারিয়ারের সর্বশেষ ফিফটি করেছিলেন গত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে।

এরপর একবারো ৩০-এর গণ্ডি পেরোতে পারেননি। এ সংস্করণে নিজেকে ফিরে পেতে কম চেষ্টা করেননি। সব চেষ্টায় ব্যর্থ হয়ে অবশেষে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগেই অবসরের পথ বেছে নিলেন মুশফিক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.