এএসপি সহ ১৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

অনলাইন ডেস্ক।।

বরগুনায় গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর বেধড়ক লাঠিচার্জের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীসহ ১৩ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটি অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধে তদন্ত কমিটি বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে। সে অনুযায়ী অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং অপর ১২ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্ব-স্ব জেলা পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদনের অনুলিপি প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

এর আগে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. ফারুক-উল হকের নেতৃত্বাধীন ৩ সদস্যের তদন্ত কমিটি গত রবিবার ডিআইজি’র কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।

তদন্তে একজন অতিরিক্ত পুলিশ সুপার, ২ জন পরিদর্শক, ৪ জন উপ-পরিদর্শক সহ মোট ১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংসদ সদস্য সহ স্থানীয় জনগণের সাথে অসদাচারণ এবং অসহিষ্ণু ও অপ্রয়োজনীয় বল প্রয়োগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এ কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।ডিআইজি আরও জানান, অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং অপর ১২ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদন স্ব-স্ব জেলা পুলিশ সুপারদের কাছে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট সকালে বরগুনা শিল্পকলা একাডেমীতে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের ফুল দেয়া নিয়ে উত্তেজনা এবং এক পর্যায়ে ঢিল ছোড়াছুড়ি শুরু হয়। এতে পুলিশের একটি পিকাপের সামনের গ্লাস ভেঙে যায়। এরপর পুলিশ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর অমানবিক লাঠচার্জ করে। এতে ছাত্রলীগের অর্ধ শত নেতাকর্মী আহত হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.