স্বরাষ্ট্র মন্ত্রী ও আইজিপি যুক্তরাষ্ট্রে যাবেন

বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের নিয়ে জাতিসংঘের তৃতীয় সম্মেলন শুরু হবে আগামী ৩১ আগস্ট। সম্মেলন চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে অংশ নেবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদসহ ছয় কর্মকর্তা। চলতি মাসের শেষ দিকে তারা নিউইয়র্কে যাবেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, জাতিসংঘ সদরদপ্তরে ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ প্রধানদের নিয়ে তৃতীয় সম্মেলন হবে। এতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহম্মাদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।

তারা ৩০ অগাস্ট বা তার কাছাকাছি সময়ে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ৩ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন বলেও আদেশে জানানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.