অনলাইন ডেস্ক।।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চতুর্থ ডোজ টিকা নিতে হবে কি না সে সম্পর্কিত গবেষণার ফল শিগগিরই জানা যাবে। বুস্টার ডোজ নেওয়ার পরে শরীরে কী পরিমাণ অ্যান্টিবডি থাকে সে সম্পর্কিত একটি গবেষণা বিএসএমএমইউয়ে চলমান রয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের এ ব্লকে বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত ‘রিসার্চ প্রোটোকল: ইথিক্যাল অ্যান্ড স্ট্যাটিসটিক্যাল ইস্যুজ’ সম্পর্কিত দিনব্যাপী ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, গবেষণায় পাওয়া ফলের ওপর ভিত্তি করে চতুর্থ ডোজ নিতে হবে কি না সে বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের অনেক কিছু করার আছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাসের অ্যান্টিবডি, জেনোম সিকোয়েন্সিং নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা চলমান রয়েছে। ইতোমধ্যে একাধিক গবেষণার ফল প্রকাশ করা হয়েছে।
শারফুদ্দিন আহমেদ বলেন, গবেষণার ক্ষেত্রে রোগী ও জনকল্যাণ সম্পর্কিত নতুন নতুন গবেষণায় মনোনিবেশ করতে হবে। আগামী ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের গবেষণা দিবস উদযাপন করা হবে। ভালো গবেষণা ও থিসিসের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
