নিউজ ডেস্ক।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষা খাতে ব্রাজিলসহ উত্তর আমেরিকার দেশগুলো থেকে অনেক এগিয়ে এবং যুক্তরাষ্ট্রের কাছাকাছি আছি আমরা।
রোববার বিকেলে কুমিল্লার চান্দিনায় ডা. ফিরোজা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের উচ্চমাধ্যমিক শাখায় পাঠদান কার্যক্রম ও অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
জাতির জনক বঙ্গবন্ধু বলেছিলেন, শিক্ষায় বিনিয়োগ সবচেয়ে বড় বিনিয়োগ। তাই শিক্ষায় সবাইকে বিনিয়োগ করতে আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে শিক্ষায় যে ঘাটতি হয়েছে, তা পূরণে পরিপূর্ণ পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে বিশেষভাবে গবেষণা করে ঘাটতিগুলো নিরূপণ করা হয়েছে। সে অনুযায়ী পরিকল্পনা করে সে ঘাটতি পূরণ করা হবে।
এ সময় দীপু মনি বলেন, দেশে বিদ্যুতের সক্ষমতা যদি না থাকত, তবে অনেক আগেই দেশ শ্রীলঙ্কা হয়ে যেত। বিদ্যুৎ নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। যারা চায় বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাক, মানুষ না খেয়ে থাকুক, দেশের মানুষ শান্তিতে না থাকুক, তারা বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক সময়ে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে।
তিনি বলেন, এসব ষড়যন্ত্রকারীর কথায় বিভ্রান্ত হবেন না। এরা তো তারাই, যারা পঁচাত্তরে জাতির জনককে হত্যা করেছে। ২০০৪ গ্রেনেড হামলা করেছে। যারা পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করতে পারে। এদের প্রতিহত করতে হবে। এদের চিনে রাখুন।
অনুষ্ঠানে কুমিল্লা-৭ চান্দিনা আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবাল, থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ, সাবেক মেয়র মফিজুল ইসলাম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
