ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজছাত্রকে পিটিয়ে জখম

নিউজ ডেস্ক।।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে লাাহিড়ী ডিগ্রী কলেজের ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় বিশ্বজিৎ (২০) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে জখম করেছে কয়েকজন যুবক।

বুধবার দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী ডিগ্রী কলেজের পাশে কলেজপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত বিশ্বজিৎকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছে কলেজ কর্তৃপক্ষ।

আহত বিশ্বজিৎ বলেন, আমাদের কলেজের ওই বখাটেরা প্রায় আসতো। আজকে আকাশ, পারফি, মানিক, মুন্না এসে ক্লাসরুমে ঢুকে শিক্ষার্থীদের ব্যাগে হাত দেয়। ছাত্রীদের সাথে অশোভন আচরণ করেন। আমি তাদের ভাই সম্মোধন করে অনুরোধ করে বলি আপনারা চলে যান। তারা আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায়। তখন আমাকে ও আমার দুই সহপাঠীকে ধমক দিয়ে চলে যায়। পরে কলেজ ছুটি হলে গেটের বাইরে যাওয়ার সময় ৮/১০ জন বখাটে আমাকে পিটিয়ে জখম করেছে।

লাহিড়ী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী মাহিরা আক্তার বলেন, আমি ও আমার সহপাঠীরা বারান্দায় ছিলাম। এ সময় ৩/৪ বখাটে রুমে থাকা বান্ধবী জয়নব আক্তারের ব্যাগ থেকে টাকা বের করে এবং নানা অশ্লীল ভাষায় গালি দেয়। এ সময় আমার সহপাঠী তিথী ও বিশ্বজিৎ প্রতিবাদ করলে তাকেদেরও গালি দিয়ে বখাটেরা কলেজ থেকে চলে যায়। পরে কলেজ ছুটি হলে বাড়ি ফেরার সময় রাস্তায় বিশ্বজিৎকে আটক করে পরিকল্পিতভাবে লাঠি দিয়ে মারপিট করে। এক সময় মারতে মারতে লাঠিগুলো ভেঙে গেলে বখাটেরা দ্রুত পালিয়ে যায়।

লাহিড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর বলেন, বিশ্বজিৎকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ইউএনও এবং ওসিকে মুঠোফোনে অবগত করেছি। কলেজের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, বিষয়টি আমাকে মুঠোফোনে অবগত করেছে। এখনো লিখিত কোনো অভিযোগ জমা দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন বলেন, কলেজের ঘটনাটি আমাকে জানিয়েছে। কলেজ কর্তৃপক্ষকে কলেজের আমার দপ্তরে শিক্ষার্থীদের নিয়ে আসতে বলা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.