চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট তৈরী করছে দক্ষ নাবিক

অনলাইন ডেস্ক।।

গতিশিল কর্মকান্ডে এগিয়ে চলেছে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটটি (সাবেক নাবিক প্রশিক্ষণ কেন্দ্র)। ১৯৫২ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান থেকে নিয়মিত বের হচ্ছে নাবিক। বর্তমান ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রাম শহরের ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহরে স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করে। এ ইন্সটিটিউটটি বাংলাদেশ সরকারের একটি আন্তর্জাতিক কারিগরি নৌ শিক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান।

এ প্রতিষ্ঠানে দেশের বেকার যুবকদের নির্ধারিত নীতিমালা অনুযায়ী নির্বাচন করে আন্তর্জাতিক নৌ-সংস্থার (আইএমও’র) গাইড লাইন অনুযায়ী প্রণীত সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করে দক্ষ নাবিক তৈরি করে। নাবিকদের দেশী/বিদেশী সমুদ্রগামী জাহাজে চাকরি করার উপযোগী করে গড়ে তোলা হয়। এ ইন্সটিটিউট হতে প্রশিক্ষণ প্রাপ্ত রেটিং/নাবিকগণ সমুদ্রগামী জাহাজে সুনাম ও দক্ষতার সাথে চাকরি করে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। যা দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০১৩ সাল হতে মাদারীপুরে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের একটি শাখা চালু রয়েছে।

ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের প্রশিক্ষণের গুনগতমান, আন্তর্জাতিক নৌ-সংস্থা (আইএমও’র) এবং ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম সেফটি এজেন্সী (ইএমএসএ) কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত। তাছাড়া ২০১৪ সালের ১৯ অগস্টে এ ইন্সটিটিউট আন্তর্জাতিক মানদন্ডের স্বীকৃতি স্বরূপ ডিএনভি-জিএল কর্তৃক প্রদত্ত আইএসও ৯০০১:২০০৮ এবং ২০১৫ সালে ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক মান নির্ণয়কারী প্রতিষ্ঠান ব্যুরো ভেরিতাস কর্তৃক প্রদত্ত আইএসও ৯০০১:২০১৫ সার্টিফিকেট গ্রহণ করেছে এবং ওয়েল্ডিং প্রসিডিউর স্পেসিফিকেশন (ডব্লিউপিসি) সার্টিফিকেট অর্জন করতে সক্ষম হয়েছে।

ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ট্রেনিং ব্লক : ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটে ২ (দুই) ধরণের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এগুলো হচ্ছে সমুদ্রগামী জাহাজে যোগদানের পূর্বে পরিচালিত কোর্স অর্থাৎ প্রী-সী কোর্স। যেসব নাবিক ও অফিসার জাহাজে কর্মরত তাঁদের দক্ষতা ও পদোন্নতির জন্য পরিচালিত কোর্স অর্থাৎ পোস্ট-সী বা এনসিলিয়ারী কোর্স। বর্তমানে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটে প্রী-সী কোর্সে ৬টি রেটিং-এ ডেক রেটিং, ইঞ্জিন রেটিং কুক রেটিং, স্টুয়ার্ড রেটিং, ফিটার-কাম-ওয়েল্ডার রেটিং ও ইলেকট্রিশিয়ান রেটিং প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। ২১ জুলাই হতে ২৪ তম ব্যাচের ৩০০ জন (পুর্ণ আসন নিয়ে) প্রথম বারের মত প্রী-সী কোর্সে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

২০১৪ সালের ৭ সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেন যে,‘মাস্টার ও নাবিকদের প্রশিক্ষণ বৃদ্ধি করতে হবে। প্রশিক্ষিত জনবল বিদেশে প্রেরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। উত্তরবঙ্গে প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নে একটি শাখা ইন্সটিটিউট স্থাপন করার কার্যক্রম চলছে। অপরদিকে প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র পত্রের মাধ্যমে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে রাজশাহীতে একটি ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের শাখা স্থাপন করার অনুরোধ করেন। এজন্য ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, রাজশাহী শাখা স্থাপন করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.