এইমাত্র পাওয়া

জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক।।

বিশ্বকাপ জয়ের খুব কাছে চলে এসেছে আর্জেন্টিনা। নারী হকি বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানিকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শ্বাসরুদ্ধকর ম্যাচটি ২-২ গোলে ড্র হলে পরে তা টাইব্রেকারে গড়ায়। আর তাতেই জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। এতে ১২ বছর পর নারী হকি বিশ্বকাপের ফাইনালে উঠলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শনিবার রাতে তেরেসায় হওয়া আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে প্রথম মিনিটেই জার্মানির হয়ে গোল করে বসেন হান্না কারিনা গ্রানিৎজকি। সেই গোলের শোধ দিতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয় ১৫ মিনিট পর্যন্ত। অগাস্টিনা গোরজেলিনার গোলে সমতা ফেরায় তারা।

দ্বিতীয় কোয়ার্টারে গোল করে আর্জেন্টিনা ম্যাচে এগিয়ে যায় প্রথম বারের মতো। ২৮ মিনিটে অগাস্টিনা আলবার্টারির গোলে উল্টো লিড নেয় আর্জেন্টিনা। ম্যাচের ৪৫ মিনিটে শার্লট স্টেপেনহোর্স্ট গোল করলে আবারও সমতা ফেরে ম্যাচে। পরে আর কোনো দল গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে নিজেদের প্রথম ও তৃতীয় শটে গোল করতে ব্যর্থ হয় জার্মানি। অন্যদিকে প্রথম শট মিস করলেও, পরের চার শটে টানা গোল করে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

ফাইনালে তাদের অপেক্ষায় নেদারল্যান্ডস, যাদের হারিয়েই দুই বার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। তবে ফাইনালের আগে দম ফেলার ফুরসত নেই দলটির। আজ দিবাগত রাতে এই একই ভেন্যুতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আকাশি সাদারা।

নেদারল্যান্ডসে চলমান বিশ্বকাপের শুরু থেকেই অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। গ্রুপ পর্বে দলটি ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া, ৪-১ গোলে স্পেন, এরপর কানাডাকে হারায় ৭-১ গোলে। তাতেই সরাসরি শেষ আটের টিকিট কেটে ফেলে কোচ মারিয়া ভিয়ালবার শিষ্যরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.