দেশে ধর্মীয় সম্প্রীতি ভাল অবস্থানে আছে : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ধর্মীয় সম্প্রীতি এতোটাই ভাল অবস্থানে আছে যে, এটা পৃথিবীতে একটি দৃষ্টান্ত তৈরি করেছে। আমরা হিন্দু-মুসলমান সকলে মিলে ধর্মীয় অনুষ্ঠান পালন করছি। সুন্দরভাবে সব কিছুই পালিত হবে।

রোববার সকালে গোপালগঞ্জ শহরের সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দূর্গা পূজা উপলক্ষে দেশের আইনশৃংখলা পরিস্থিতি সুন্দর রয়েছে। প্রধানমন্ত্রী যে কথা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। উৎসব সকলের এ কথা মনে রেখে দূর্গাপূজা সুন্দরভাবে পালিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরে তিনি কেন্দ্রীয় কালীবাড়ীর অফিস কক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো: রুহুল আমিন, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি ডা: অসিত কুমার মল্লিক, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল আলম বদরসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দুপুরে তিনি প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ার বিভিন্ন মন্দির পরিদর্শন ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ বছর গোপালগঞ্জে ১ হাজার ২০২টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.