স্পোর্টস রিপোর্টার ॥
প্রথম ওয়ানডেতে তিনশ’র ওপরে স্কোর গড়েও ৫ উইকেটের বড় ব্যবধানে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ এবার পাকিস্তানকে ২৭৫/৮Ñএ থামিয়ে দিয়েও পাত্তা পেল না। শুক্রবার দ্বিতীয় ম্যাচে ৩২.৫ ওভারে ১৫৫ রানে অলআউট নিকোলাস পুরানের দল হারল ১২০ রানে। ইমাম-উল হকের (৭২) ও অধিনায়ক বাবর আজমের (৭৭) দুটি বড় হাফ সেঞ্চুরি এবং টেল এন্ডে শাদাব খান (২২) ও খুশদিল শাহর (২২) ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৫ রানের ফাইটিং স্কোর গড়ে পাকিস্তান। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৯ ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকানো বাবর এদিন গ্রেট জাভেদ মিয়াঁদাদকে (৮ ম্যাচে) টপকে গড়েছেন নতুন রেকর্ড। সফরকারীদের হয়ে আকিল হোসেন ৩, এ্যান্ডারসন ফিলিপ ২ ও আলজারি জোসেফ নেন ২ উইকেট। জবাবে মোহাম্মদ নওয়াজের ঘূর্ণিবিষে নীল ক্যারিবীয়দের হয়ে কাইল মেয়ার্স (৩৩) আর শামারা ব্রুকসই (৪২) যা একটু প্রতিরোধ গড়েন। অধিনায়ক পুরানের ব্যাট থেকে আসে ২৫ রান। আর কেউ সুবিধা করতে পারেননি। ১০ ওভারে ১৯ রান দিয়ে বাঁহাতি স্পিনার নওয়াজ নিয়েছেন ৪ উইকেট। মোহাম্মদ ওয়াসিম ৩ ও শাদাব খানের শিকার ২ উইকেট। দাপুটে এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল পাকিস্তান (২-০)। একই ভেন্যুতে আনুষ্ঠানিকতার তৃতীয় ও শেষ ওয়ানডে রবিবার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
