অনলাইন ডেস্ক।।
পুঁজিবাজারের উন্নয়নে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির জন্য (জেড ক্যাটাগরি ব্যতিত) লেনদেন নিষ্পত্তির সময়সীমা টি+১ চালু করতে চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বিনিয়োগকারীরা সিকিউরিটিজ ক্রয়ের পরের দিনই তা বিক্রি করতে পারবেন। যার বাস্তবায়নের বিষয়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) কাছে জানতে চেয়েছে।
সম্প্রতি ডিএসই, সিএসই ও সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
তথ্য মতে, বর্তমানে শেয়ারবাজারে টি+২ সেটেলমেন্ট চালু রয়েছে। এরফলে সিকিউরিটিজ ক্রয়ের ৩য় দিন গিয়ে বিক্রি করা যায়। এই সময়ের ব্যবধান কমিয়ে বিনিয়োগ সহজলভ্য করার জন্য টি+১ সেটেলমেন্ট চালু করতে চায় কমিশন।
এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, সবার জন্য সহায়ক একটি আন্তর্জাতিক মানের শেয়ারবাজার গড়ে তোলার লক্ষে টি+১ সেটেলমেন্ট চালু করার প্রস্তুতি নিচ্ছি। এর মাধ্যমে শেয়ারবাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে এবং বিদেশিসহ সব বিনিয়োগকারীর জন্য শেয়ারবাজার সুগম হবে। এছাড়া, সবার সময় ও ব্যয় কমে আসবে।
বিদেশিরা টি+১ সেটেলমেন্টে অভ্যস্ত বলে জানান বিএসইসির এই কমিশনার। তারা আমাদের শেয়ারবাজারে ভালোভাবে বিনিয়োগে আসার জন্য টি+১ সেটেলমেন্ট চায়।
এই অবস্থায় টি+১ বাস্তবায়ন করতে আগামী ৭ দিনের মধ্যে পরিকল্পনা চেয়ে উভয় স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএলকে চিঠি দিয়েছে বিএসইসি। এছাড়া, টি+১ বাস্তবায়নে রুলস অ্যান্ড রেগুলেশনের সংশোধনী, সিস্টেম মোডিফিকেশন এবং অন্যান্য প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়ে রোডম্যাপ দিতে বলা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
