এইমাত্র পাওয়া

কুয়াকাটায় গোসলে নেমে নিখোঁজ পর্যটক চেন্নাইয়ে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ফিরোজ শিকদারের (২৭) সন্ধান মিলেছে।

নিখোঁজের সাত দিন পর শনিবার (৪ জুন) দুপুরে ভারতের চেন্নাই প্রদেশ থেকে স্বজনদের কাছে ফোন করেছেন তিনি। ফিরোজ শিকদারের বড় ভাই মাসুম শিকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‌‘গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে নামার পর থেকে ফিরোজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে আমাকে ফোন করে জানায়, সৈকতে নামার পর স্রোতের তোড়ে গভীর সমুদ্রে ভেসে যায়। কিছুক্ষণ পরে একটি কলাগাছ দেখতে পেয়ে সেটাকে আকড়ে ধরে। কলাগাছে ২৪ ঘণ্টা ভাসার পর ভারতের জেলেরা তাকে উদ্ধার করে চেন্নাই প্রদেশে নিয়ে যায়। বর্তমানে সে চেন্নাই প্রশাসনের হেফাজতে রয়েছে।’

এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, ‘পর্যটক ফিরোজের ভাই বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা খোঁজ-খবর নিচ্ছি।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.