নিজস্ব প্রতিবেদক।।
নওগাঁয় চতুর্থ ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৩ জনের জেল জরিমানা করা হয়েছে।
এ সময় প্রশ্ন ফাঁস চক্রের প্রধান মেহেদী হাসান পালিয়ে যায়। তবে প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম সদস্য মেহদীর স্ত্রী কনা খাতুনকে আটক করে গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তার কাছ থেকে একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১৩ জনের মধ্যে দুইজনকে ২০০ টাকা করে জরিমানা, দুইজনকে ১০ দিনের, একজনকে ১৫ দিনের, একজনকে ২০ দিনের, বাকি সাতজনের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
শুক্রবার নওগাঁ জেলা শহরের ২৫টি কেন্দ্রে ১৪ হাজার ২২৫ পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন। একটি জাতীয় গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা চলাকালে জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়। প্রশ্ন ফাঁস চক্রের বিষয়টি জানতে পেরে ওই চক্রের হোতা মেহেদী হাসান ও তার স্ত্রী কনা খাতুনসহ পরীক্ষার্থীদের ওপর নজরদারি রাখা হয়। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় তাদের আটক করা হয়।
নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা খানম বলেন, এই পরীক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে কেন্দ্রসমূহের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের আটক করা হয়। এসময় তাদের পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কারসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম দণ্ড ও জরিমানা করা হয়েছে।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, কনার বিরুদ্ধে থানায় বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য নিয়ে আসা হয় । তবে আইনগত সমস্যা থাকায় বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
