দ্বিগুণ হচ্ছে রপ্তানির উৎসে কর, ‘দুঃসংবাদ’ বলছে বিজিএমইএ

নিউজ ডেস্ক।।

আসন্ন বাজেটে রপ্তানি খাতের উৎসে কর দ্বিগুণ হচ্ছে। বর্তমানে রপ্তানিকারকদের দশমিক ৫০ শতাংশ হারে উৎসে কর দিতে হয়, এ সুবিধার মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। আগামী বাজেটে রপ্তানির উৎসে কর বাড়িয়ে ১ শতাংশ করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ডলারের দাম বাড়ায় রপ্তানিকারকরা স্বস্তিদায়ক অবস্থায় আছে। তাছাড়া বিশ্ববাজারে রপ্তানি পণ্যের দামও বেড়েছে। এ অবস্থায় উৎসে কর বাড়ানো হলে, তা রপ্তানি আয়ের ওপর প্রভাব পড়বে না।

এছাড়া প্রায় সব রপ্তানিকারকই উৎসে কাটা করের হিসাব অনুসারে আয় দেখিয়ে থাকেন। ফলে বাড়তি আয় হলেও তারা আর কর দেন না। তাই উৎসে কর ১ শতাংশ নির্ধারণ যৌক্তিক।

তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, ‘উৎসে কর দ্বিগুণ রপ্তানিকারকদের জন্য দুঃসংবাদ। বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়েছে। এরমধ্যেই কর হার দ্বিগুণ করা হলে, তা ভয়াবহ পরিস্থিতির তৈরি করতে পারে।’

২০০৫ সালে প্রথমবারের মতো রপ্তানিকারকদের ওপর উৎসে করারোপ করে সরকার। শুরুতে এ কর হার ছিল শূন্য দশমিক ২৫ শতাংশ। পরে বিভিন্ন সময়ে তা বাড়তে শুরু করে। এরমধ্যে ২০১৪-১৫ অর্থবছরে ১ শতাংশ করও ছিল।

এদিকে, আসন্ন বাজেটে স্থিতিশীল করনীতির অংশ হিসেবে বিদ্যমান কর হার আগামী পাঁচ বছরের জন্য স্থির রাখার দাবি জানিয়েছে বিজিএমইএ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.