নিউজ ডেস্ক।।
মৌসুমী বায়ু আগমনের ঠিক আগে রাজধানী ঢাকায় বয়ে গেছে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগের ঝড়ের ফলে রাজধানীর কিছু কিছু এলাকায় গাছ উপড়ে গেছে এবং ডালপালা ভেঙে পড়েছে। ভারী বৃষ্টির ফলে কোথাও কোথাও হাঁটু পানি জমে গেছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গতকাল ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
কালবৈশাখী ঝড় ভারী বৃষ্টির সাথে বজ্রপাত হওয়ার শব্দও শোনা গেছে, যদিও বজ্রপাতে ঢাকার কোথাও কোনো ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া যায়নি।
দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সংঘটিত ঝড় ও ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে হঠাৎ যানজটে অনেকটা স্থবির হয়ে যায়। দুপুরের দিকে রামপুরা রোডে যে জ্যাম হয় তা ছুটতে দীর্ঘ সময় লাগে। দেখা গেছে রামপুরা টেলিভিশনের সামনের রাস্তা থেকে একেবারে মালিবাগ ফ্লাইওভার পর্যন্ত দীর্ঘ যানজটে আটকে যায় মানুষ। এই সময়ের মধ্যে এই রাস্তাটি যেন স্থবির হয়ে যায়। পরে বৃষ্টি ও ঝড় কমলে যানজটও ধীরে ধীরে পাতলা হয়ে যায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীতে দুপুরে যে ঝড় হয়েছে এর পরিধি ঢাকার আশপাশের জেলাগুলো পর্যন্ত বিস্তৃত ছিল। কালবৈশাখী সাধারণত বড় পরিধি নিয়ে হয়ে থাকে।
কয়েক দিনের ভারী বর্ষণে ঢাকার অভ্যন্তরীণ ড্রেনগুলো পানিতে ভরে গেছে। ফলে কোনো কোনো এলাকায় ড্রেন উপচে রাস্তায় পানি জমে গেছে। এর সাথে বৃষ্টির পানি জমে রাস্তাগুলো আর চলাচলের উপযোগী থাকছে না। ঢাকার সিপাহিবাগ থেকে নবীনবাগ হয়ে বনশ্রীর পাশ দিয়ে তিতাস রোডের রাস্তার নিচে ড্রেনগুলো পানিতে ভরে গেছে। কোথাও কোথাও পলিথিন আটকে থাকায় এখন আর পানি সরতে পারছে না। ফলে রাস্তায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
