নিউজ ডেস্ক।।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় রেখে বর্তমান কারিকুলাম আধুনিকায়ন করা হচ্ছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চলমান শিক্ষাক্রমের ভুলত্রুটি সংশোধন, আন্তর্জাতিক মান ও সময়ের চাহিদা বিবেচনা করে এ পরিবর্তন আনার উদ্যোগ নেয় সরকার।
প্রধানমন্ত্রী এর খসড়া মৌখিকভাবে অনুমোদন দিলেও সোমবার জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি) চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
সভাসূত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণির সারাদেশে ৬১টি স্কুল, কারিগরি ও মাদ্রাসায় পাইলটিং শুরু করা হয়েছে। সেসব বিষয়ে বিদ্যালয়ে পাইলটিং ক্লাস ভালোভাবে চলছে বলে তুলে ধরা হয়। নতুন কারিকুলাম বিষয়ে কোন পরিমার্জন বা পরিবর্তন প্রয়োজন আছে কি সে বিষয়ে শিক্ষামন্ত্রী জানতে চাইলে কয়েকটি শব্দগত পরিবর্তন ছাড়া আর কোন প্রস্তাব আসেনি। সে কারণে নতুন কারিকুলামের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দেয় জাতীয শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনুমোদন সংক্রান্ত শিক্ষাক্রম বিষয়ক উপদেষ্টা কমিটিও এনসিসিসি’র সদস্যরা।
এটি বাস্তবায়নের ফলে, মাধ্যমিক পর্যন্ত থাকছে না কোনো বিভাগ বিভাজন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির সবাইকে পড়তে হবে ১০টি বিষয়। দশম শ্রেণির পাঠ্যসূচির ওপরই অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। একাদশ শ্রেণিতে গিয়ে শিক্ষার্থীদের বিভাগ পছন্দ করতে হবে। একাদশ শ্রেণি শেষে পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণি শেষে পরীক্ষা নেওয়া হবে। এই দুই পরীক্ষার ফলাফলের সমন্বয়ে তৈরি হবে এইচএসসির ফল।
এ ছাড়া প্রাথমিকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা থাকছে না। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়তে হবে আটটি বই। তবে সব শ্রেণিতেই শিখনকালীন মূল্যায়নেই বেশি জোর দেওয়া হয়েছে। বর্তমান পদ্ধতিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা থাকছে না। চলতি বছর মাধ্যমিকস্তরের ষষ্ঠ শ্রেণির পাইলটিং শুরু হয়েছে। আগষ্টে প্রাথমিকের প্রথম শ্রেণির পাইলটিং শুরু করা হবে বলে জানা গেছে। ২০২৩ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করা হবে। ২০২৪ সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং অষ্টম ও নবম শ্রেণি এ শিক্ষাক্রমের আওতায় আসবে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণি যুক্ত হবে। ২০২৬ সালে একাদশ ও ২০২৭ সালে দ্বাদশ শ্রেণি যুক্ত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শিক্ষাক্রম অনুমোদন দিয়েছেন।
জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (কারিকুলাম) অধ্যাপক মশিউজ্জামান সোমবার বলেন, নতুন কারিকুলামের খসড়া পূণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে। এখন এটি বাস্তবায়নে আর কোন বাঁধা নেই। আগামী বছর থেকে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে। বর্তমানে মাধ্যমিকের পাইলটিং ক্লাস চলছে। সেসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা গেছে। শিক্ষামন্ত্রী নিজেও কযেকটি বিদ্যালয়ে গেছেন। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের একাধিক শিক্ষকদের অনুরোধ করে সেসব বিদ্যালয়ে পাঠিয়েছিলেন। সকলে ইতিবাচক বলে জানিয়েছেন।
তিনি বলেন, নতুন কারিকুলামের ভাষাগত কয়েকটি বিষয় ছাড়া তেমন কোন পরিবর্তন আনা হয়নি। সকলে সেটি অনুমোদন দেয়ায় সেটিকে চূড়ান্ত করা হয়েছে। সে কারণে আজকের সভা আয়োজন করা হয় বলেও জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, বিভিন্ন বিশ^বিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
