শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য তিন শিক্ষককে ভাইস চ্যান্সেলর (ভিসি) অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৮ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিসি অ্যাওয়ার্ড পেয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. তামিজ উদ্দিন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন ও সমুদ্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সুব্রত সরকার।
এ বিষয়ে অধ্যাপক রাশেদ তালুকদার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের একটি পর্যালোচনা পর্ষদ আছে। তারা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণা ও গবেষণার মান, প্রকাশিত জার্নালসহ বিভিন্ন দিক পর্যালোচনা করে আবেদনের প্রেক্ষিতে নাম সুপারিশ করেন। নাম প্রস্তাবনার ভিত্তিতে উপাচার্য এ্যাওয়ার্ডের জন্য তাদের তালিকা করা হয়। এ বছরের অ্যাওয়ার্ড এই তিনজনকে দেওয়া হয়েছে ।
গবেষণার সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, বাংলাদেশের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যথাযথ ও গুণগত মান বজায় রেখে আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলছে। আমাদের গবেষণাখাতে এ বছর বরাদ্দ আরও কয়েকগুণ বৃদ্ধি হচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরের মতো এ বছরও দুইদিনব্যাপী গবেষণা সম্মেলন শুরু হয়েছে। ভার্চুয়ালী অনুষ্ঠিত এ সম্মেলনের গতকাল শনিবার ছিল প্রথমদিন, আজ রোববার দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
