স্মার্ট যুগে যাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক।।

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বলেছিলেন, বাংলাদেশ ডিজিটাল হবে। তখন অনেকে হাসাহাসি করেছেন। কিন্ত প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় সেই দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ডিজিটাল করেছেন। যা এখন প্রমাণিত। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জয় স্বপ্ন দেখছেন স্মার্ট বাংলাদেশের। এর জন্য বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। দ্রুতই স্মার্ট হচ্ছে বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গঠনে কার্যক্রম দোহার ও নবাবগঞ্জ থেকে শুরু হবে আশা করি।’ গতকাল ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সালমান এফ রহমান বলেন, ইলেকশন আর বেশি দিন নেই আর দেড় বছর পরই জাতীয় নির্বাচন। এই দেড় বছর দেখতে দেখতে চলে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তা নিরপেক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেই সাথে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সালমান এফ রহমান আরও বলেন, দলের মধ্যে কোনো গ্রুপিং ও দলাদলি পছন্দ করি না। আমরা সবাই আওয়ামী লীগ করি। আমরা বঙ্গবন্ধু, বাংলাদেশ ও জয় বাংলায় বিশ্বাস করি। আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার সৈনিক। বিশেষ অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি বলেন, দলে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। দলের নেতৃত্বে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের আনতে হবে। তবেই দল সাংগঠনিকভাবে শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন সারাবিশ্বের উন্নয়নের রোল মডেল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, আওয়ামী লীগের সদস্য এড. এবিএম রিয়াজুল কবির কাওছার, এড. সানজিদা খাতুনসহ আরও অনেকে।

সম্মেলনে দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে সভাপতি ও নুরুল হক বেপারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

জানা যায়, সর্বশেষ ২০০৩ সালে দোহার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। দীর্ঘদিন পর সম্মেলন ও কমিটি গঠনকে ঘিরে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছিল উৎসবের আমেজ। দীর্ঘদিন পর নতুন অভিভাবক পেয়ে উৎফুল্ল উপজেলার নেতাকর্মীরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.