বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক।।

শুধু সরকারি নয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতেও পরীক্ষায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের। এখন বেসরকারি যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কোনো প্রকার পরীক্ষা কিংবা ন্যূনতম কোনো মান যাচাই ছাড়াই ভর্তি হচ্ছে শিক্ষার্থী। তবে নতুন এই নিয়ম চালু হলে নির্ধারিত একটি মান এবং পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে। যদিও বর্তমানে সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ের মেডিক্যাল কলেজগুলোকে একটি অভিন্ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে নতুন এই নিয়ম চালু হলে সরকারি বেসরকারি উভয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেই পরীক্ষায় বসতে হবে সব শিক্ষার্থীকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী বছর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তির কথা ভাবছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

অভিন্ন পরীক্ষার মাধ্যমে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। তবে এ পদ্ধতিতে মান নিশ্চিত করতে না পারলে অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হারাবে বলে মনে করছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। সূত্রমতে, বর্তমানে দেশে ১১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। কিছু শীর্ষ স্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নিজেদের ইচ্ছেমতো শিক্ষার্থী ভর্তির অভিযোগ দীর্ঘ দিনের।

এ সব অভিযোগ কমাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষা চালুর পরিকল্পনা করছে ইউজিসি। এ বিষয়ে ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, পরীক্ষা দিয়ে যোগ্যতার প্রমাণ দিয়ে ভর্তি হতে হবে। তারপর তাদের পছন্দ অনুযায়ী, চয়েস ফর্ম পূরণ করতে পারবে। অটোমেটিক সিস্টেমের মাধ্যমেই তারা ভর্তির সুযোগ পাবে। তিনি অরো বলেন, মেডিক্যাল কলেজগুলোতে ভর্তির যেমন পদ্ধতি আছে যে, একটি ভর্তি পরীক্ষা নেয়া হয়, তারপর অপশন অনুযায়ী ধারাবাহিকভাবে পাবলিক বা প্রাইভেট মেডিক্যাল চয়েস দিতে পারে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও পাবলিক ও প্রাইভেটের পরীক্ষা একসাথে হতে পারে। এ ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতিতে আসা যায় কি না, সে ব্যাপারে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি বা কর্তৃপক্ষের সাথে বসে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। কমিশন বলছে, মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার মতো একটি পরীক্ষা গ্রহণ করে মেধাতালিকার ভিত্তিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্নের পর একই তালিকা থেকে শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে।

তবে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে, এতে মান নিশ্চিত করতে না পারলে প্রতিযোগিতায় টিকতে ব্যর্থ হয়ে শিক্ষার্থী হারাবে অনেক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সহসভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী বলেন, এ ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে যে, কোনো কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী না-ও পেতে পারে। যেমন, বর্তমানে কেন্দ্রীয়ভাবে বণ্টনের কারণে কোনো কোনো কলেজ শিক্ষার্থী পাচ্ছে না। সেটাই কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঘটতে পারে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব হবে, মানসম্মত শিক্ষা দেয়া। অপর দিকে শিক্ষা গবেষকরা বলছেন, একটি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অবশ্যই মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.