ওয়াল স্ট্রিট জার্নালের সিইও কাউন্সিল সামিটে বিল গেটস গত বুধবার এসব কথা বলেন। সেখানেই তাঁকে ইলন মাস্ক কিনে নেওয়ার পর টুইটারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। যার উত্তর দিতে গিয়ে এই সমাজসেবক বলেন, মাস্কের অতীত রেকর্ড ভালো থাকা সত্ত্বেও তিনি টুইটারে ভুয়া তথ্যের বিষয়টি আরও খারাপের দিকে নিয়ে যেতে পারেন।
‘ইলন মাস্ক আসলে এটা (টুইটার) আরও খারাপের দিকে নিয়ে যাবেন’, বলেন বিল গেটস। তিনি বলেন, ‘তিনি (মাস্ক) আসলে কী করতে যাচ্ছেন, সেটা পুরোপুরি পরিষ্কার নয়।’
তবে গেটস স্বীকার করেন, টেসলা, স্পেসএক্সের মতো কোম্পানিতে ইলন মাস্কের রেকর্ড খুবই ভালো। গেটস বিশ্বাস করেন, এই কোম্পানিগুলোতে মাস্ক দক্ষ প্রকৌশলীদের একটা দলকে একত্র করতে পেরেছেন। তবে টুইটারের ক্ষেত্রে আগের কোম্পানিগুলোর মতো তিনি সাফল্য পাবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে তাঁর (গেটস)। আগের ভালো রেকর্ডের জন্য ইলন মাস্ককে ছোট করেও দেখছেন না তিনি।
তিনি এ–ও বলেন, ‘আমাদের খোলা মন নিয়ে থাকা উচিত এবং কখনোই ইলনকে ছোট করে দেখা উচিত নয়।’
একই সাক্ষাৎকারে ইলন মাস্কের মাইক্রো-ব্লগিং সাইট টুইটার কেনার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন গেটস। মাস্ক আগে বলেছিলেন, তিনি টুইটারকে আইডিয়া বিনিময়ের মুক্ত মঞ্চ বানাতে চান। টুইটার কেনার জন্য এই চিন্তাই তাঁকে প্রাথমিকভাবে প্রভাবিত করেছে। এর আগে তিনি বহুবার বলেছেন, তিনি টুইটারকে ‘সেন্সরশিপ’ মুক্ত করে, বাক্স্বাধীনতার চর্চা করতে দিতে চান। তবে বাক্স্বাধীনতা নিয়ে ইলন মাস্কের এ তৎপরতা কতটা সুচিন্তিত, তা নিয়ে প্রশ্ন তোলেন বিল গেটস। মানুষকে যা খুশি তাই বলতে দিলে ফল ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করে দেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
