এইমাত্র পাওয়া

২৭মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা

অনলাইন ডেস্ক।।

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৭ মে (শুক্রবার) হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। হাতঘড়ি, অলঙ্কার ও কোনো ধরনের ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করেছে কমিশন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনায় পিএসসি বলেছে, পরীক্ষার হলে যদি নিষিদ্ধ সামগ্রী পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষায় তাকে অযোগ্য ঘোষণা করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, আগামী ২৭ মে অনুষ্ঠেয় প্রিলিমিনারি পরীক্ষায় বই-পুস্তক, সব রকম ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্যাগসহ পরীক্ষা হলে প্রবেশ করা নিষেধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

পরীক্ষার হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মুঠোফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।

পরীক্ষার দিন উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য সব পরীক্ষার্থীর মুঠোফোনে এসএমএস পাঠানো হবে। এসএমএসের নির্দেশনা অনুসরণ করতে হবে।

পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ পূর্বেই কমিশনের অনুমোদন নিতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.