নিউজ ডেস্ক।।
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সার্বক্ষণিক হল খোলা রাখার জন্য হল প্রভোস্ট বরাবর আবেদন পত্র দিয়েছে শিক্ষার্থীরা। আসন্ন ঈদের ছুটিতে হল বন্ধ চাই না এমন জানান শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট বরাবর শিক্ষার্থীরা আবেদনপত্রে সার্বক্ষণিক হল খোলা রাখার আবেদন জানিয়েছে।
আবেদনপত্র অনুসারে, বিদেশি শিক্ষার্থী, অমুসলিম শিক্ষার্থী এবং টিউশনি, পড়াশোনাসহ নানা কাজে ঈদে যাদের ক্যাম্পাসে থাকতে হয় তাদের দিকটি বিবেচনায় নিয়ে আবাসিক হল খোলা উচিৎ এমন দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়াও ঈদে আবাসিক হল বন্ধ থাকলেও নিরাপত্তা প্রহরীরা তাদের দায়িত্ব পালন করেন।
অধিকতর নিরাপত্তার জন্য প্রতিটি হলে সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে উল্লেখ করেন শিক্ষার্থীরা। অনান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল ঈদের সময় খোলা থাকে এমন জানান তারা।
জানা যায়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো খুবির হলগুলোও আগে ঈদের ছুটিতে খোলা থাকতো। প্রশাসন ২০১৩ সালের দিকে ঈদের ছুটিতে হল বন্ধ রাখার নির্দেশ দেয়। তার পর থেকে এই নিয়মই চলছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য পাঁচটি আবাসিক হল রয়েছে। যেখানে প্রায় ২৩১১ জন শিক্ষার্থী রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষার্থী সুফল গোস্বামী বলেন,বিশ্ববিদ্যালয়ের হলে অনেক দূরদূরান্তের শিক্ষার্থীরা অবস্থান করে। ঈদের ছুটিতে অনেক শিক্ষার্থীই বাড়িতে যাওয়ায় আগ্রহী হয় না। অমুসলিম অনেক শিক্ষার্থীও হলে অবস্থান করতে চায়। কিন্তু হল বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদেরকেও বাধ্য হয়ে অনেক খরচ বহন করে বাড়িতে চলে যেতে হয়। কিন্তু হল খোলা থাকলে সেইসব শিক্ষার্থীর জন্য উপকার হবে।
বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক তানজিল সওগাত বলেন, হল বন্ধ ও খোলা রাখার বিষয় হল প্রভোস্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নেয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
