দেশের ইতিহাসে প্রথমবারের মতো ডিজিটাল জনশুমারির করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত বিবিএস ডিজিটাল পদ্ধতিতে ষষ্ঠ জনসংখ্যা ও আবাসন শুমারি পরিচালনা করবে। এ কার্যক্রমে কারিগরি সহায়তা দেবে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাপ্রদানকারী কোম্পানি রবি। কোম্পানিটি জনশুমারিতে ব্যবহার করার জন্য ৩ লাখ ৭০ হাজার ৪.৫জি সিম সরবরাহ করবে, যা ব্যবহার করে সারা দেশের উপাত্ত সংগ্রহ করে ডাটা প্রক্রিয়াকরণের জন্য একটি কেন্দ্রীয় সার্ভারে আপলোড করা হবে।
এ উপলক্ষে গতকাল রাজধানীর পরিসংখ্যান ভবনের বিবিএস অডিটোরিয়ামে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন জাতীয় জনসংখ্যা ও গৃহায়ন আদমশুমারি ২০২২-এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন এবং রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন। এ সময় জানানো হয়, ডিজিটাল জনশুমারির অন্যতম সহযাত্রী হচ্ছে মোবাইল অপারেটর রবি। চুক্তির আওতায় বিবিএসকে দেশের প্রথম ডিজিটাল আদমশুমারি পরিচালনার জন্য নতুন সংযোগ, ডাটা, এসএমএস বান্ডেল এবং অন্যান্য ডিজিটাল সল্যুশন দেবে রবি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, এনডিসি, বিবিএস’র মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, রবি’র অ্যাক্টিং সিইও অ্যান্ড সিএফও এম. রিয়াজ রশীদ, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
চুক্তি অনুয়ায়ী প্রায় ৩ লাখ ৭০ হাজার গণনাকারী রবি’র ৪.৫জি নেটওয়ার্ক ব্যবহার করে সারা দেশের উপাত্ত সংগ্রহ করে ডাটা প্রক্রিয়াকরণের জন্য একটি কেন্দ্রীয় সার্ভারে আপলোড করা হবে। এছাড়া বিবিএস’র জোনাল অপারেশনে সহযোগিতার পাশাপাশি প্রস্তুতিমূলক প্রশিক্ষণে ডাটা সংযোগ সরবরাহ করবে রবি। সুচারুভাবে জনশুমারি পরিচালনার জন্য ডাটা সংযোগ ছাড়াও এসএমএস, লোকেশন ট্র্যাকিং এবং কল সেন্টার পর্যবেক্ষণে ই-সিআরএম সহযোগিতা দিবে অপারেটরটি।
বিবিএস সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রকল্পটির একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া আগামী ১৪ জুন এই মাইলফলক ডিজিটাল প্রকল্পটির কার্যক্রম উদ্বোধন উপলক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন,দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে অবদান রাখে এমন নীতি নির্ধারণের ক্ষেত্রে জরিপের নিখুঁত তথ্য খুব গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষিতে দেশের প্রথম ডিজিটাল জপির পরিচালনায় ডিজিটাল সংযোগ প্রদানের জন্য রবিকেই আমাদের উপযুক্ত সহযোগী বলে মনে হয়েছে।
রবি’র অ্যাক্টিং সিইও অ্যান্ড সিএফও এম. রিয়াজ রশীদ বলেন, দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার সহযোগী হতে পারায় রবি গর্বিত। আমাদের উদ্ভাবনী ডিজিটাল সল্যুশনের মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্পে কাজ করার অপেক্ষায় রয়েছি আমরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
