অনলাইন ডেস্ক।।
আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস। প্রতি বছর ২৫ এপ্রিল বিশ্বব্যাপী এ দিবসটি স্বাস্থ্য সচেতনতা বাড়াতে পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো- ‘উদ্ভাবনী কাজে লাগাই, ম্যালেরিয়া রোধে জীবন বাচাই’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এটি পালন করা হয়।
রবিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক মতবিনিময় সভায় জানানো হয়, ২০০৮ থেকে ২০২১ সালে দেশের ম্যালেরিয়া রোগীর সংখ্যা ও ম্যালেরিয়ায় মৃত্যু হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০০৮ সালের তুলনায় ২০২১ সালে ম্যালেরিয়াজনিত অসুস্থতা শতকরা ৯৪ ভাগ এবং মৃত্যু শতকরা ৯৩ ভাগ হ্রাস পেয়েছে। ২০২১ সালে বাংলাদেশে মোট ম্যালেরিয়া রোগী ছিল ৭ হাজার ২৯৪ জন তারমধ্যে মৃত্যুবরণ করেছে ৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির তথ্যমতে, দেশের মোট ম্যালেরিয়া আক্রান্তের ৯৩ শতাংশই তিন পার্বত্য জেলায়।
এর মধ্যে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ম্যালেরিয়াপ্রবণ এবং কক্সবাজার মধ্য ম্যালেরিয়াপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত।
২০০১ সালে সর্বপ্রথম আফ্রিকায় এ দিবসটি পালন করা শুরু হয়। এরপর ২০০৭ সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির ৬০তম অধিবেশনে বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রস্তাবনা করা হয়। তখন থেকেই প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
