এইমাত্র পাওয়া

ঢাকা কলেজের ছাত্রাবাসে অভিযান

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা কলেজ ছাত্রাবাসে অভিযান চালিয়েছে নিউ মার্কেটের দোকানকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘাতের মামলার তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার বিকালের এই অভিযানে এক শিক্ষার্থীকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়।

|
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষে অভিযান চালানো হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক গণমাধ্যমকে বলেন, অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছিল। তবে পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে। কাকে আটক করা হয়েছিল- জানতে চাইলে তিনি বলেন, যেহেতু ছেড়ে দিয়েছি, তাই নাম বলা উচিৎ হবে না।

কার খোঁজে এই অভিযান চালানো হয়- জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি।

ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. কামরুজ্জামান বলেন, অধ্যক্ষ স্যারের অনুমতি নিয়ে অভিযান চালিয়েছে। কাউকে আটক বা গ্রেপ্তার বা কিছু জব্দ হয়েছে কি না, আমি বলতে পারব না।

যে কক্ষে অভিযান চালানো হয়, সেই কক্ষে ইমন ও জহির হাসান নামে দুই শিক্ষার্থী থাকেন বলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে। তবে অভিযানের সময় ইমন ছিলেন না।

গত মঙ্গলবারের সংঘাতের মধ্যে দোকানকর্মীদের জমায়েতের দিকে থাকা একটি কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হাসানকে খুনের জন্য ইমনকে দায়ী করা হচ্ছে। সংঘাতের সময়কার একটি ভিডিওতে হেলমেট পরা যে তরুণকে দেখা গেছে নাহিদকে কোপাতে, সেই তরুণ ইমন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম চিহ্নিত করেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.