এইমাত্র পাওয়া

ভবিষ্যতে ৬৫ শতাংশ পেশা থাকবে নাঃ শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক।।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমানে যেসব পেশা বিদ্যমান রয়েছে চতুর্থ শিল্প বিপ্লবের ফলে আমাদের সেসব পেশার ৬৫ শতাংশই থাকবে না।  মানে আরও নতুন নতুন কাজ আমাদের সামনে আসতে থাকবে। তাই কী কাজ থাকবে সেটি বুঝে নিয়ে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে।

বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোনারগাঁও ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সামনে চতুর্থ শিল্প বিপ্লবের বিশাল সম্ভাবনা। আজকে যারা প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ছে, তারা যখন কর্মজগতে প্রবেশ করবে, এখন যেই কাজগুলোর শতকরা ৬৫ ভাগ তখন আর থাকবে না।  বিশ্ববিদ্যালয়ের উচিত শিক্ষার্থীদের কর্মজগতের জন্য প্রস্তুত করে দেওয়া। শুধুমাত্র ডিগ্রি দেওয়াই যথেষ্ট নয়।

বিশ্ববিদ্যালয়গুলোকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়ে দীপু মনি বলেন, আমাদের শিল্পকারখানা, কর্মজগতের যে চাহিদা রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই বিশ্ববিদ্যালয়গুলোকে কারিকুলাম নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে ইউজিসি বড় ভূমিকা পালন করতে পারে।

গ্রাজুয়েটদের উদ্দেশে দীপু মনি বলেন, লেগে থাকলে সফলতা আসবেই। কিন্তু সংক্ষিপ্ত পথে সাফল্যের জায়গায় পৌঁছানোর জন্য কেউ এমন কিছু করবেন না, যাতে আপনার সাফল্য কলুষতায় আক্রান্ত হয়। নিজের পাশাপাশি আপনার পরিবার, সমাজ, দেশ এমনকি বিশ্বের প্রতি আপনাদের দায় রয়েছে। আশা করি আপনারা সেই বিষয়ে সচেতন হবেন।’

অনুষ্ঠানে সমাবর্তন বক্তার বক্তব্য রাখেন শিক্ষাবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. দিল আফরোজ বেগম, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল আজিজ, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল বাশার, উপ-উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন মোল্লা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য ঢাকা-৮ আসনের এমপি রাশেদ খান মেনন। সমাপনী বক্তব্য রাখেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান নারায়ণগঞ্জ-২ আসনের এমপি মো. নজরুল ইসলাম বাবু।

অনুষ্ঠানে ৬৬ জন শিক্ষার্থীকে গোল্ড মেডেল দেওয়া হয়। এর মধ্যে চ্যান্সেলর গোল্ড মেডেল পেয়েছেন ৩ জন এবং ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল পেয়েছেন ৬৩ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.