দলমত নির্বিশেষে শিক্ষকদের স্বার্থ সংরক্ষণে ও কল্যানে কাজ করবে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটি। সোমবার (১১ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানিয়েছেন শিক্ষক সমিতির নতুন নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে শিক্ষক সমিতির সভাপতি আখতারুল ইসলাম বলেন, আমরা শাবি শিক্ষক সমিতি-২০২২ সকল শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে বলিষ্ঠ নেতৃত্ব ও কার্যকর ভূমিকা গ্রহণের মাধ্যমে একমাত্র শিক্ষক সংগঠনটি পরিচালনা করতে দৃঢ় প্রতিজ্ঞ। দলমত নির্বিশেষে শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণে কাজ করার জন্য প্রতিশ্রুতি বদ্ধ। বক্তব্যে শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট কাজ করার এবং সেই কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তিনি।
এসময় শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো তুলে ধরে অধ্যাপক আখতারুল বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য সর্বাত্মক চেষ্টা করবে এই নতুন কমিটি। শিক্ষকদের সন্তানদের জন্য স্থায়ী আধুনিক ডে-কেয়ার সেন্টার ও মিনি শিশু পার্ক নির্মাণে বলিষ্ট ভূমিকা রাখা ও শিক্ষকদের আপগ্রেডেশন-প্রমোশন নিয়মিত সম্পন্ন হওয়ার ব্যাপারে সর্বোতভাবে সোচ্চার থাকবে। শিক্ষকদের জন্য ভবন ভিত্তিক শিক্ষক লাউঞ্জ তৈরির পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরো কাজের কথা উল্লেখ করে বলেন, শিক্ষকদের গবেষণা কার্যক্রম জোরদার করে প্রণোদনার ব্যবস্থা করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ব্যবস্থাপনা ও প্রশাসনিক বিষয়ে ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থার পক্ষে অবস্থান নেয়া যেখানে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের প্রত্যক্ষ অংশগ্রহণে ট্রেনিং ও তদারকি যাতে নিশ্চিত হয় সেদিকে খেয়াল রাখা।
এছাড়া শিক্ষকদের পরিবারের সদস্যদেরকে ইন্সুেরেন্সের আওতায় আনার বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে বলেন জানান শিক্ষক সমিতির এই নেতা। এছাড়া তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে আলোচনাপূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করবো। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের স্টেডিয়াম উন্নতিকরণ, ইন্টারনেট এর গতি বৃদ্ধিকরণ, বিদ্যুৎ বিভ্রাট এড়ানোর জন্য চাহিদা মোতাবেক পাওয়ার প্লান্ট স্থাপন, কেন্দ্রীয় পানিশোধনাগার, গৃহঋণ প্রক্রিয়া সহজীকরণ, শিক্ষকদের পৃথক কোয়ার্টার নিশ্চিতকরণ, লেকের সৌন্দর্য বর্ধন, এক কিলোতে ওয়াকওয়ে নির্মাণ কাজ ত্বরান্বিতকরণ, মহিলা শিক্ষকদের জন্য প্রতি ফ্লোরে আলাদা ওয়াশরুম নির্মান এবং নামাজের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা ইত্যাদি বিভিন্ন বিষয়ে শিক্ষকদের চাহিদার পরিপ্রেক্ষিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে জোর পদক্ষেপ গ্রহণ করার সর্বোতভাবে চেষ্টা করবো। শিক্ষকদের জন্য বিশ্ববিদ্যালয়েবিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে প্যাথোলজিক্যাল টেস্টের ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করা।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ডক্টর ছদরুদ্দিন আহমদ চৌধুরী এবং উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে স্মরণীয় করে রাখতে তাঁদের নামে স্থাপনার নামকরণ নিশ্চিত করার কথা বলেন সভাপতি আখতারুল।
সভাপতি আখতারুল বলেন, সরকার কর্তৃক প্রজ্ঞাপনকৃত পিএইচডি ইনক্রিমেন্ট প্রদান বাস্তবায়ন করা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারী-শিক্ষকদের পদায়নের অগ্রাধিকার নিশ্চিতকরণ। প্রতিটি শিক্ষা ভবনে ন্যূনতম একজন নারী পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করা শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে অন্যান্য পাবলিক বিশ্ববদ্যালয়ের অনুসৃত নীতিমালা অনুসরণের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. জায়েদা শারমিন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফরহাদ হাওলাদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জহির বিন আলম, যুগ্ম সম্পাদক ড. আহসান হাবীব, শিক্ষক সমিতির সদস্য ড. মির্জা নাজমুল হাসান,মোস্তফা কামাল, সেকেন্দার আলী।
এছাড়া মতবিনময়কালে শাবি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জি এম ইমরান হোসেন, কার্যকরী সদস্য রাশেদুল হাসান, নুরুল ইসলাম রুদ্র, হাসান নাইম, সাধারণ সদস্য হাবিবুল হাসান রিজভী, আদনান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
