গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ডাক পেলো ববির শিক্ষার্থী সিফাতুল্লাহ

অনলাইন ডেস্ক।।

বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ডাক পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী আবু সায়েম সেফাতুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৫-১৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবু সায়েমকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেন, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবারের মতো বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জবের অফার পেয়েছেন আবু সায়েম সেফাতুল্লাহ। এটা বরিশাল বিশ্ববিদ্যালয় ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বড় অর্জন।

আবু সায়েম সেফাতুল্লাহ বলেন, সিএসইতে যারা পড়ে তাদের সবারই ইচ্ছা থাকে গুগলের মতো কোন না কোন জায়গায় জব করার। আমারও এই ইচ্ছাটা ছিল। প্রথম বর্ষ থেকেই কন্টেস্ট প্রোগ্রামিং করতাম। আমি যখন সপ্তম সেমিস্টারে ছিলাম তখন সিঙ্গাপুর থেকে একটা অফার পেয়েছিলাম৷ ওই সময় থেকে ইচ্ছা ছিল যেহেতু একটাতে হয়েছে এখন দেখি আসল টার্গেট গুগলে হয় কিনা।

তিনি আরও বলেন, গুগলের ইন্টারভিউ প্রসেসটা অনেক লম্বা এবং কঠিন। গত নভেম্বরে আমার ইন্টারভিউ শুরু হয়। এই চার-পাঁচ মাসে অনেকগুলো রাউন্ড, প্রসেস পার করে ফাইনালি শুক্রবার অফারটা পেয়েছি। প্রত্যেকটি রাউন্ড শেষেই অনেক টেনশন ছিল এরপর কি হবে না হবে। ফাইনালি সব কিছু পার করে অফার পাওয়ার অনুভূতি বলে বোঝানো যাবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.