এইমাত্র পাওয়া

জুনে অর্ধ-বার্ষিক নভেম্বরে বার্ষিক পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি।।

করোনা মহামারীর ধাক্কা সামলে গত ১৫ মার্চ থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস নেওয়া শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এর পর মাধ্যমিকের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্ধ-বার্ষিক এবং বার্ষিক পরীক্ষাও। দীর্ঘ দুবছর অপেক্ষার পর সশরীরে পূর্ণাঙ্গ শ্রেণি কার্যক্রম এবং পরীক্ষা শুরু হওয়ায় অভিভাবকদের মনেও ফিরেছে স্বস্তি। তাদের আশা, পুরোদমে ক্লাস পরীক্ষা হলে মহামারীকালের শিখন ঘাটতি কিছুটা হলেও কাটিয়ে ওঠা যাবে।

সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ শিক্ষাবর্ষের ছুটি ও শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী জুন মাসের প্রথম সপ্তাহে শুরু হবে অর্ধ-বার্ষিক পরীক্ষা।

নভেম্বরে অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষা।

এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, শিক্ষাপঞ্জি অনুযায়ী পরীক্ষার আয়োজন করতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে যদি কোনো নতুন সিদ্ধান্ত হয়, সেটি সরকারের পক্ষ থেকে জানানো হবে। স্কুলের পরীক্ষার সময় পাবলিক পরীক্ষার সূচি অগ্রাধিকার থাকবে।

এ বছরের মাউশির শিক্ষাপঞ্জিতে উল্লেখ করা হয়েছে, অর্ধ-বার্ষিক, প্রাক নির্বাচনী পরীক্ষা ২ জুন বৃহস্পতিবার থেকে ১৫ জুন বুধবার পর্যন্ত এ ১২ দিনের মধ্যে নিতে হবে। ফল প্রকাশ করতে হবে ২ জুলাইয়ের মধ্যে। নির্বাচনী পরীক্ষা ১২ অক্টোবর বুধবার থেকে ২৬ অক্টোবর বুধবার পর্যন্ত ১২ দিনের মধ্যে নিয়ে ফল প্রকাশ করতে হবে ৫ নভেম্বরের মধ্যে। বার্ষিক পরীক্ষা নিতে হবে ২৮ নভেম্বর সোমবার থেকে ১১ ডিসেম্বর রবিবার পর্যন্ত ১২ দিনের মধ্যে। এর ফল প্রকাশ করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।

নিয়মিত ক্লাসের পর পরীক্ষাও স্বাভাবিক রুটিনে চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, আমাদের ছেলেমেয়েদের শিক্ষা জীবনের দুবছর গেছে অত্যন্ত দুর্বিষহ। এখন ক্লাস এবং পরীক্ষা নিয়মিত হচ্ছে এটি শিক্ষার্থীদের জন্য এমনকি অভিভাবকদের জন্য স্বস্তির খবর।

এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা হবে শুরু হবে আগামী ১৯ জুন এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে ২২ আগস্ট। এবার পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট) হবে না। তার বিকল্প হিসেবে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে।

এতে আরও বলা হয়েছে, এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ১৩ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য তারিখ ৮ জুন। শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ করতে হবে। এবারের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৫০ করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। ব্যবহারিক বিষয়গুলোর ক্ষেত্রে ৩০ নম্বরের রচনামূলক এবং ১৫ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। ব্যবহারিক ছাড়া অন্যান্য বিষয়ে ৪০ নম্বরের রচনামূলক এবং ১৫ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে বাংলা, ইংরেজি এবং গ্রুপভিত্তিক আবশ্যিক ৩টি বিষয়ে ও একটি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে। সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তথ্য ও প্রযুক্তি বিষয়টি মূল্যায়ন করা হবে। ব্যবহারিক বিষয়গুলোর ক্ষেত্রে ৩০ নম্বরের রচনামূলক ও ১৫ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। ব্যবহারিক ব্যতীত অন্যান্য বিষয়ে ৪০ নম্বরের রচনামূলক এবং ১৫ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। বাংলা দ্বিতীয় পত্রে ৫০ নম্বরের এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৫০ নম্বরের করে ১০০ নম্বরের পরীক্ষা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.