মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
প্রথম বিসিএস-এ অংশ নিয়েই প্রথম স্থান অধিকার। নতুন বছরে দেশবাসীকে চমক দিলেন সাখাওয়াত হোসেন ইমন। সে সাথে আবারো দেশবাসীর কাছে আড়াইহাজার উপজেলার মুখ উজ্জ্বল হলো।
আড়াইহাজারের এই কৃতিসন্তানের সাফল্যে নারায়ণগঞ্জ জেলার ইমেজও বৃদ্ধি পেয়েছে। ৪০ তম বিসিএস-এ অংশ নিয়েই প্রাণিসম্পদ ক্যাডারে প্রথম স্থান অধিকার করে পিতা-মাতার মুখ উজ্জ্বল করা সাখাওয়াত হোসেন এর ইচ্ছে প্রাণী বিজ্ঞানে গবেষণা করা। সাখাওয়াত হোসেন এর কৃতিত্ব ও সাফল্যে উপজেলার শিক্ষাঙ্গনে এখন এটাই বেশি আলোচিত হচ্ছে।
এক সময় উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা আড়াইহাজারের গ্লানিময় অতীতকে দূর করে সাফল্যের আলোয় আলোকিত হচ্ছে আড়াইহাজার বাসী। শিক্ষাঙ্গনের কুশীলবদের পরিশ্রমের ফসল হচ্ছে বর্তমানের ধারাবাহিক সাফল্য। বিসিএস পরীক্ষায় আড়াইহাজার উপজেলা বরাবরই ভাল করছে।
এবার সাফল্যের শিখরে উঠতে সক্ষম হয়েছে ব্রাহ্মন্দী গ্রামের সাখাওয়াত হোসেন ইমন। মেধা, কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের গুণে সাফল্যের সোপানে উঠতে পেরেছেন তিনি। দিনে দিনে আরো উন্নতি করবেন এমন প্রত্যাশা আড়াইহাজার উপজেলাবাসীর।
সাখাওয়াত হোসেন ইমন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম আব্দুল হাকিম, মাতা মোসাঃ শিরিন বেগম। ইমনের পিতা ছিলেন বেসরকারী কর্মকর্তা। ছেলে আজ পিতাকে ছাড়িয়ে যাওয়ায় আব্দুল হাকিমের গর্বের শেষ নেই।
হাটেবাজারে গেলে মানুষ তাঁকে জেকে ধরে বলে, ‘ওই যে ইমনের বাবা। ইমন ক্যাডার অইছে। বিসিএস পাস দিছে। পরথম অইছে। গর্ভমেন্ট চাকরীও দিছে। ইমন বড় অফিসার। এমন পোলা কয়জন বাপ-মা পায়। আমরা দোয়া করি। ইমন আরো বড় হোক।’
সাখাওয়াত হোসেন ইমন গ্রামের সহজ সরল ছেলে হলেও পড়াশোনায় ছিলেন দুর্দান্ত। গ্রামের স্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়েছেন। এরপর উচ্চশিক্ষা নিতে ছুটতে হয়েছে রাজধানী ঢাকা শহরে। লেঙ্গুরদী এএম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন।
এরপর ঢাকা সরকারী বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রী লাভ করেন। অত:পর স্বপ্নের বিসিএস। ৪০ তম বিসিএস পরীক্ষায় এবারই প্রথম অংশ গ্রহণ করেন। দেশবাসীকে চমকে দিয়ে বিসিএস এর প্রাণী সম্পদ ক্যাডারে প্রথম স্থান অধিকার করে ইমন। বিসিএস ক্যাডার হওয়ার পর জীবনের সাফল্যের দ্বার খুলে যায় সাখাওয়াত হোসেন ইমনের সামনে।
আড়াইহাজারের কৃতিসন্তান সাখাওয়াত হোসেন ইমন বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে প্রথম শ্রেনীর কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, প্রথমত আমি একজন গবেষক হিসেবে বিস্তর গবেষণা করতে চাই। বড়সড় পরিসরে প্রাণি বিজ্ঞানে গবেষণার মাধ্যমে রাখতে চাই গুরুত্বপূর্ণ ভ‚মিকা।
ইমন একজন প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা হিসেবে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে বদ্ধ পরিকর। ইমন আরো বলেন, আমার সবচেয়ে বড় গর্বের বিষয় আমি আড়াইহাজারে সন্তান। আমার শৈশব-কৈশোর এখানেই কেটেছে। এখানেই আমি প্রাথমিক শিক্ষা পেয়েছি। হাইস্কুল পাস করেছি। শিক্ষকরা আমাকে অনেক স্নেহ করতেন।
আমার শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি জানাই হাজার সালাম। আমি আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশি, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খিদের প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করছি। সবার ভালবাসা ও দোয়ার বরকতেই আমি এতদূর এসেছি। প্রিয় আড়াইহাজারবাসী সকলের কাছে দোয়া কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বিশ্বাস আগামী দিনগুলোতে আড়াইহাজার থেকে আরো অনেক মেধাবী মুখ বেরিয়ে আসবে। তাদের সাফল্যে জাতির মুখ উজ্জ্বল হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
