নিজস্ব প্রতিবেদক।।
অবশেষে ধর্মীয় রীতি মেনে অনশন করা সেই কলেজছাত্রী লিলি বিশ্বাসকে বিয়ে করেছেন স্কুলশিক্ষক সুকান্ত মণ্ডল। মঙ্গলবার রাত ১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াদানা গ্রামে সুকান্ত মণ্ডলের বাড়িতে এ আয়োজন করা হয়।
বিয়েতে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য পলাশ বিশ্বাস, সাবেক ইউপি সদস্য হরিচাঁন মণ্ডল, সাবেক শিক্ষক বিজন বিশ্বাস, ভীম মণ্ডল, অর্জুন মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
লিলি বিশ্বাস ঢাকার একটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ও গুয়াদানা গ্রামের নিতাই বিশ্বাসের মেয়ে। আর শিক্ষক সুকান্ত মণ্ডল একই গ্রামের সুনীল মণ্ডলের ছেলে ও ঘোষেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় ইউপি সদস্য পলাশ বিশ্বাস বলেন, রাত ১২টার পর সুকান্ত ও লিলির বিয়ে হবে বলে আমাকে মুঠোফোনে জানান দুই পরিবারের সদস্যরা। তখন শিক্ষক সুকান্ত মণ্ডলের বাড়িতে গিয়ে দেখা যায় ধর্মীয় রীতি মেনে বিয়ের আয়োজন চলছে। পরে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।
কলেজছাত্রী লিলি বিশ্বাস বলেন, গ্রামের মুরব্বিরা উপস্থিত থেকে আমাদের বিয়ে দিয়েছেন। সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করি যেন সুখে শান্তিতে আমরা সংসার করতে পারি।
কলেজ ছাত্রী লিলি বিশ্বাস ও সুকান্ত মণ্ডলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে তাকে বিয়ে করতে অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেন সুকান্ত মণ্ডল। তখন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন লিলি বিশ্বাস।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
