এইমাত্র পাওয়া

রমজানে প্রাথমিকের বন্ধ নিয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ

অনলাইন ডেস্ক।।

প্রাথমিক বিদ্যালয়গুলোতে রমজানের ছুটির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৯ মার্চ) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘোষিত তারিখ ও সময় অনুযায়ী চলবে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে রমজানের ছুটির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে; যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে। গুজব রটানোকারীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২২ মার্চ জারি করা নির্দেশনা মোতাবেক, ২০ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২৪ মার্চ জারি করা পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০ রোজা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান চলবে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে নামাজ পড়ার জন্য ৩০ মিনিট বিরতি পাবে শিক্ষকরা।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান ২৬ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.