নীতিমালার আলোকে চলবে ঢাবির সান্ধ্য কোর্স

নিউজ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্থগিত সান্ধ্য কোর্স নতুন প্রণীত নীতিমালার আলোকে ‘প্রফেশনাল বা এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম’ নামে পরিচালিত হবে। রোববার (২৭ মার্চ) রাতে সিন্ডিকেটের সভা শেষে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

সমালোচনার মুখে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় বিশ্ববিদ্যালয়ে চলমান সান্ধ্য কোর্সসহ অনিয়মিত সব কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়।

একইসঙ্গে সান্ধ্য কোর্স পরিচালনার সময়োপযোগী বিধিমালা প্রণয়ন করতে একটি কমিটিও করা হয় সেদিন। গত ২১ মার্চ একাডেমিক কাউন্সিলের সভায় ওই কমিটির তৈরি করা একটি বিধিমালা উপস্থাপন করা হয়।

সিন্ডিকেটের সভায় তা চূড়ান্ত হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় চাহিদা বিবেচনায় নিয়ে একটি নীতিমালার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল/এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম চালুর অনুমোদন দেওয়া হয়েছে।’

এছাড়া সভায়, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পিএইচডি/সমতুল্য ডিগ্রি থাকার বাধ্যবাধকতা আগামী ১ জুলাই ২০২৩ থেকে কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.