নিউজ ডেস্ক।।
নতুন পদ্ধতিতে বাংলাদেশ রেলওয়ে তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বিক্রি শুরু করেছে। কিন্তু ওটিপি, ওয়েবসাইট লোডিং ও সার্ভার সমস্যার কারণে প্রথম দিনেই গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন।
এতদিন অনলাইনে রেলের টিকিট বিক্রি করা হচ্ছিল ‘রেলসেবা’ অ্যাপে। এছাড়া ‘ই-সেবা’ ওয়েবসাইট থেকেও মিলতো ট্রেনের অনলাইন টিকিট। রেলের অনলাইন টিকিট বিক্রিতে এখন থেকে এ দুই অনলাইন প্ল্যাটফর্মই বাতিল হয়ে যাচ্ছে।
শনিবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু নতুন পদ্ধতির টিকিটিং সিস্টেম এখনো পুরোপুরি সার্ভিস দিচ্ছে না।
নতুন ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে হলে প্রথমেই প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুন অ্যাকাউন্ট করতে হবে। পুরনো ওয়েবসাইট বা অ্যাপের অ্যাকাউন্টের তথ্য দিয়ে নতুন সাইটে লগ-ইন করা যাবে না।
রেলের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসিন জানান, শুক্রবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে চালু হয় নতুন ওয়েবসাইট। আজ সকাল ৮টা থেকে সহজ ডটকমের তত্ত্বাবধানে নতুন ওয়েবসাইটে টিকিট বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু অতিরিক্ত লোডের কারণে সার্ভার জটিলতা দেখা যাচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে।
প্রসঙ্গত, কাউন্টারের প্রতিটি টিকিটের জন্য সিএনএসকে ৩ টাকা করে প্রদান করতো রেলওয়ে, আর অনলাইনে বিভিন্ন সার্ভিস চার্জসহ সিএনএস নিতো ২০ টাকা করে। নতুন করে চুক্তির আওতায় সহজ লিমিটেডকে কাউন্টারে প্রতি টিকিটের জন্য ২৫ পয়সা করে প্রদান করবে রেলওয়ে। তবে অপরিবর্তিত থাকছে অনলাইনের সার্ভিস চার্জ অর্থাৎ অনলাইনে প্রতিটি টিকিট কাটতে অতিরিক্ত দিতে হবে ২০ টাকা করে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করবে সহজ ডটকম।
এছাড়া আগের মতোই টিকিটের ৫০ শতাংশ কাউন্টার আর ৫০ শতাংশ অনলাইনে বিক্রি হবে টিকিট। সহজ ডটকম দায়িত্ব পাওয়ার পর বাতিল হয়েছে রেলের টিকিট সংগ্রহের আগের সব অ্যাপ ও ওয়েবসাইট।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
