অনলাইন ডেস্ক।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সূর্যোদয়ের পরপর ভোর ৫টা ৫৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান। এরপর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সুসজ্জিত চৌকস একটি দল সশস্ত্র সালাম জানায়; বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের পক্ষ থেকে নেতাকর্মীদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্রীয় ১৪ দল। এরপর শ্রদ্ধা জানাতে আসেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে স্মৃতিসৌধে আসা বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন রাষ্ট্রপতি। এসময় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, তিন বাহিনীর প্রধান ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকরা স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন।
করোনার সংক্রমণ অনেকটাই কমে এলেও স্বাস্থবিধি মানার ব্যাপার জোর দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার এক বার্তায় জাতীয় স্মৃতিসৌধে আমন্ত্রিত অতিথিদের ভোর ৫টা ২০ মিনিটের পরিবর্তে ৭টা ১৫ মিনিটে আসার অনুরোধ জানায় মন্ত্রণালয়। তবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকে স্মৃতিসৌধে ভিড় করতে শুরু করেন হাজারো মানুষ।
এদিকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে সশস্ত্র বাহিনী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
