কাজিদের অতিরিক্ত ফি না নেয়ার ব্যাপারে তদারকির সুপারিশ

অনলাইন ডেস্ক।।

কাজিরা মুসলিম বিবাহ তালাক নিবন্ধন করার নির্ধারিত ফি’র বেশি টাকা যাতে নিতে না পারেন সেজন্য মন্ত্রণালয়কে নজরদারি বাড়াতে বলেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

তারা বলছে, বিয়ের নিবন্ধকরা একাধিক হিসাবের খাতা রেখে সরকারকে অসত্য তথ্য দেন, যার ফলে ভোগান্তিতে পড়ে মানুষ। সরকার নির্দিষ্ট ফি ঠিক করে দেওয়ার পরও নিবন্ধকরা যে বেশি ফি নিচ্ছেন, সে জন্য জবাবদিহিতার মধ্যে আনতে বলেছে কমিটি।

সোমবার (২১ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয়, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯ এ বলা আছে, একজন নিকাহ নিবন্ধক চার লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি এক হাজার টাকার জন্য সাড়ে ১২ টাকা ফি নিতে পারবেন। দেনমোহার চার লাখের বেশি হলে প্রতি এক লাখ বা অংশ বিশেষের জন্য ১০০ টাকা নিবন্ধন ফি নিতে পারবেন। সর্বনিম্ন ফি হবে ২০০ টাকা। তালাক নিবন্ধনের ফি ৫০০ টাকা। একজন নিবন্ধক প্রতি বছর সরকারি কোষাগারে ১০ হাজার টাকা নিবন্ধন ফি এবং নবায়নের জন্য পাঁচ হাজার টাকা জমা দেন।

কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার বলেন, কাজি সাহেবরা অনেক সময় দুই রকমের খাতা ব্যবহার করেন। তারা সরকার নির্ধারিত ফি-এর চেয়ে বেশি টাকা নেন। এটি বন্ধ করার জন্য নজরদারি বাড়ানোর পাশাপাশি যারা অতিরিক্ত টাকা নিচ্ছেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে আইন মন্ত্রণালয়কে বলা হয়েছে।

তিনি আরও বলেন, তালাক নিবন্ধনের নকল দিতে নিবন্ধকেরা টাকা নেন। কিন্তু আইন অনুযায়ী এর জন্য টাকার প্রয়োজন নেই। তবুও তারা নেয়।

বৈঠকের বিষয়ে সংসদ সচিবালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জনস্বার্থে ‘মুসলিম বিয়ে ও তালাক (নিবন্ধন) বিধিমালা’ আধুনিক ও যুগোপযোগী করতে ব্যবস্থা নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়কে বলা হয়েছে।

বৈঠকে আইন মন্ত্রণালয় জানায়, ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিবাহ নিবন্ধক সরকারি কোষাগারে ৭ কোটি ৮৫ হাজার ৪৫৮ টাকা জমা দিয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.