নিউজ ডেস্ক।।
লক্ষ্মীপুরে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে খোকন আলম নামের এক শিক্ষক পরিবারের ওপর হামলার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রেদোয়ান হোসেন রানা ও শাহিন কাদির। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
হামলার ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় ৩২ জনকে আসামি করে মামলা দায়ের করেন হারুনুর রশিদ নামে এক ভুক্তভোগী। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।
মামলা, এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডস্থ বাঞ্চানগর গ্রামে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী হারুনুর রশিদ গংদের সাথে একই এলাকার মোরশেদ আলম গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত ৪ মার্চ রেদোয়ান হোসেন রানা, শাহিন কাদের, মো. মিজান, মাহমুদ, জুয়েল, সাদ্দাম, আবুল বাসার, হৃদয়, রাসেল ও মোরশেদ আলম, আনোয়ার ও ইব্রাহিমসহ ১৫/২০ জন হারুনুর রশিদ গংদের ওপর হামলা চালায়।
এতে হারুনুর রশিদ, সাহাদাত হোসেন রাব্বি ও সাইমুন হোসেন রনিসহ ৪ জন আহত হয়। এ সময় নির্মাণাধীন টিনসেড ঘর ও টিনের ভাউন্ডারি ভাঙচুর এবং ২৫ বস্তা সিমেন্ট পুকুরের পানিতে ফেলে দেয় হামলাকারীরা। এ ঘটনায় গত ৭ মার্চ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/২০ জনের নামে সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীরা।
শিক্ষক মো. খোকন আলম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘবদ্ধ একদল সন্ত্রাসী বাহিনী চাঁদার দাবিতে আমার পরিবারের ওপর হামলা চালিয়ে একটি নির্মাণাধীন বসতঘর ও বাউন্ডারি ভাঙচুর করে পানিতে ফেলে দেয়। একইসঙ্গে স্বর্ণালংকারসহ মালামাল লুটপাট করে নিয়ে যায় তারা। পরে প্রথম ঘটনার দুইদিন পর ফের হামলা চালায় প্রতিপক্ষ রেদোয়ান ও শাহিন কাদেরসহ ২০/২৫ জন। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান এই শিক্ষক।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
সদর থানর ওসি মো. জসীম উদ্দীন বলেন, সদর থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
