নিজস্ব প্রতিবেদক।।
দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ২০ মার্চ থেকে। আবেদন করা যাবে ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বুধবার (৯ মার্চ) বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। এতে স্বাক্ষর করেছেন অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের টাকা জমা দেওয়া যাবে। প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। আর ২২ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এইচএসসি পাসের পূর্ববর্তী তিন বছরের মধ্যে এসএসসি ও সমমান এবং ২০২০ ও ২০২১ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিদ্যাসহ উভয় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.৫ থাকতে হবে।
১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে। পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে।
সব দেশি ও বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষা মিলে মোট জিপিএ থাকতে হবে ৯। সব উপজাতীয় (সমতল ও পার্বত্য জেলা) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ-৮ থাকতে হবে। তবে কোনো একক পরীক্ষায় জিপিএ ৩.৫-এর কম থাকলে আবেদন করা যাবে না।
এ দিকে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বাড়ানো হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের ভর্তির আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। আগামী ১৫ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন।
মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে আবেদনের সময়সীমা না বাড়ানোর চিন্তাভাবনা ছিলো কর্তৃপক্ষের। তবে এইচএসসির ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব। তিনি বলেন, আবেদনের সময় পাঁচদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত ভর্তিচ্ছুরা অনলাইনে আবেদন করতে পারবেন। আর টাকা জমা দেয়া যাবে ১৬ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
গত ২৪ ফেব্রুয়ারি ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১০ মার্চ আবেদনের সময় শেষ হওয়ার কথা থাকলেও সেটি বাড়িয়ে ১৫ মার্চ করা হয়েছে। আর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাইনলোড করা যাবে ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত। আর ১ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
